২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখলদাররাই এখন স্থাপনা সরাচ্ছেন চাক্তাই খাল থেকে

এবার টনক নড়েছে দখলদারদের। প্রশাসনের অনমনীয় মনোভাবের কারণে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন তাদের অবৈধ স্থাপনাগুলো। দীর্ঘদিন ধরেই খালের দুই পাশের জায়গা দখল করে নানাভাবে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছিলেন তারা। কিন্তু এবার সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিতে পার পাওয়া যাবে না ভেবে নিজেরাই সক্রিয় হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবার টনক নড়েছে দখলদারদের। প্রশাসনের অনমনীয় মনোভাবের কারণে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন তাদের অবৈধ স্থাপনাগুলো। দীর্ঘদিন ধরেই খালের দুই পাশের জায়গা দখল করে নানাভাবে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছিলেন তারা। কিন্তু এবার সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারিতে পার পাওয়া যাবে না ভেবে নিজেরাই সক্রিয় হয়েছেন। গত সোমবার থেকে চাক্তাই খালের উভয় পাশ দখলমুক্ত করার অভিযান শুরু হয়। খাল পাড়ে দীর্ঘকাল পৈত্রিক সূত্রে দোকান বসিয়ে মো. জাকারিয়া সওদাগর ব্যবসা করছেন। তিনি বললেন, "এবার উচ্ছেদ অভিযানে কড়াকড়ি থাকায় কোনোভাবেই পার পাওয়ার সম্ভাবনা নেই। তাই নিজেরাই দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়াসহ অন্যান্য আসবাবপত্র খুলে নিচ্ছি। এলাকায় অনেকেই এখন নিজেদের করা স্থাপনা ভেঙ্গে ফেলছে।" বুধবার দুপুরে উচ্ছেদ অভিযান শুরুর আগেই চাক্তাই রাজাখালি সংযোগস্থল এলাকা থেকে অনেককে দোকানপাট ভাঙ্গতে দেখা যায়। এতে অভিযানকারী দলের কাজ অনেক সহজ হয়েছে বলে মন্তব্য করেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ। অভিযানের তৃতীয় দিনে খালের দু পাশের প্রায় ১০টি দোকান, আড়ত, গুদাম ও দুটি তিনতলা ভবনের একাংশ উচ্ছেদ করা হয়। বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এবং সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট সৈয়দা সরোয়ার জাহানের নেতৃত্বে এ অভিযান চলে। এদিকে, সিটি কর্পোরেশন অগ্রাধিকার ভিত্তিতে চাক্তাই খালসহ নগরীর অন্যান্য খালগুলো সংস্কার ও খননের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলমের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সাধারণ সভায় পাহাড় ও ভূমি ধসের দিক থেকে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো চিহ্নিত করে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২১৫৩ ঘ.