ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় ৮ কোটি টাকার সম্পত্তির হিসাব দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছেন সাবেক আইন প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর।
কমিশন সচিব দেলোয়ার হোসেন জানান, শাহজাহান ওমর তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের মাধ্যমে বুধবার হিসাব বিবরণী জমা দেন। এর আগে গত দুইদিন তার আইনজীবী সম্পত্তির হিসাব নিয়ে কমিশনে গেলেও ত্র"টি থাকায় কমিশন তা নেয়নি।
কমিশন গত ১৪ জুন ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণি এবং সড়ক ও জনপথ বিভাগের সিবিএ নেতা শামসুদ্দিন আহমেদের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায়। তিনজনের মধ্যে শাহজাহান ওমরই প্রথম হিসাব বিবরণী জমা দিলেন।
বিবরণীতে ব্যারিস্টার শাহজাহান ওমরের নিজের ও পরিবারের সদস্যদের নামে মোট ৭ কোটি ৮০ লাখ ৬২ হাজার ৭০০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে শাহজাহান ওমরের নিজের নামে ২ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ২০৮ টাকার স্থাবর এবং ৭৭ লাখ ৯০ হাজার ২০৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।
তার নিজের নামে বারিধারার পার্ক রোডে ৪৫ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের সাড়ে সাত কাঠা জমির ওপর একটি বাড়ি, ঝালকাঠিতে ৩৬ লাখ ৩৫ হাজার টাকার দুটি বাড়ি, বরিশালে ১ কোটি ১১ লাখ টাকা দামের 'বীরোত্তম ভবন' ও ২২ লাখ টাকা দামের একটি নিশান গাড়ি রয়েছে।
এছাড়া ঢাকা, গাজীপুর, ঝালকাঠি, বাগেরহাট ও বরিশালে নিজের ও পরিবারের সদস্যদের নামে জমি ও বাড়ি থাকার কথা বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
শাহজাহান ওমরের স্ত্রী মেহজাবীন ফারজানার স্থাবর সম্পত্তির পরিমাণ ৮৫ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৭৯৮ টাকা।
এর মধ্যে ঢাকার গাবতলীতে এসএস ফিলিং স্টেশনে ৩০ লাখ টাকার শেয়ার, গাজীপুরের সানগড় টেক্সটাইল মিলে ৫০ লাখ টাকার শেয়ার, পূর্বাচল প্রকল্পে পৌণে ৬ লাখ টাকার একটি প্লট এবং ঢাকার বোরাক রেডক্রিসেন্ট টাওয়ারে ৫৮ লাখ ৯৯ হাজার টাকার একটি ফ্ল্যাট রয়েছে।
৭৫ ভরি স্বর্ণালংকার ছাড়াও মেহজাবীন ফারজানার নামে তিনটি ব্যাংকে সঞ্চয়ী হিসাব, এফডিআর ও ডিপিএস-এ জমা রয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৯৮ টাকা। তবে তার যুক্তরাষ্ট্র প্রবাসী দেবর শাহ আলমের কাছে ৫০ লাখ টাকা দেনা থাকার কথা বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ছেলে আদনান ওমরের নামে ২ কোটি ৪৯ হাজার ৮১৯ টাকার স্থাবর ও ৪২ লাখ ৫২ হাজার ১৮০ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার ঋণের পরিমাণ ৫১ লাখ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24