২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ধাক্কায় কিশোর নিহত, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে জনতা। এর ফলে ওই সড়কে এক ঘণ্টারও বেশি সময় গাড়ি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 07:11 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

বরিশাল, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে জনতা। এর ফলে ওই সড়কে এক ঘণ্টারও বেশি সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহবুদ্দিন আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, সকাল সাড়ে ৬টার দিকে আনসার ভিডিপি কার্যালয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস একটি সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মিলন খান (১৫) মারা যায়। মিলন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামের আকবর আলী খানের ছেলে। প্রত্যক্ষদর্শী বীমাকর্মী মো. মোকলেছুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আনসার ভিডিপি অফিসের সামনে রাস্তা অবরোধ করলে শতাধিক বাস আটকা পড়ে। সোয়া ৮টায় পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের জীবন দলন গ্রাম থেকে পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান। স্থানীয় গ্রাম পুলিশ আবদুল গনি মিয়ার উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, একটি টেম্পুর ধাক্কায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। তবে ওই বৃদ্ধের পরিচয় কিংবা ঘাতক টেম্পুটি শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় নিহত দুজনের লাশই এখন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৭ ঘ.