২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ গিয়াসের বিরুদ্ধে আরও দুটি মামলা

নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক বিএনপি সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মঙ্গলবার আরও দুটি মামলা হয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা নয়টিতে দাঁড়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

নারায়ণগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক বিএনপি সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মঙ্গলবার আরও দুটি মামলা হয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা নয়টিতে দাঁড়ালো। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সচিব মোহাম্মদ ইসহাক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ বাদী হয়ে প্রতারণার অভিযোগে গিয়াসের বিরুদ্ধে মঙ্গলবার পৃথক দুটি মামলা করেন। মোহাম্মদ ইসহাকের মামলায় অভিযোগ করা হয়, সাংসদ থাকাকালে ডিএনডি বাঁধের সেচ খালের সারুলিয়া থেকে গোদনাইল এলাকা গিয়াস তার দুই স্ত্রী, আত্মীয় স্বজনের নামে ইজারা নেয়। ওই সময় প্রতারণার আশ্রয় নিয়ে ইজারা গ্রহিতাদের মৎস্যজীবী দেখানো হয়। মামলায় সাবেক সাংসদের প্রথম স্ত্রী রেশমা বেগম, দ্বিতীয় স্ত্রী তৌফিজা বেগম, আত্মীয় মোজাম্মেল হক, জসিমউদ্দিন, আনোয়ার হোসেন ও এহসান কবির রহমানকেও আসামী করা হয়েছে। অপর মামলায় বাদী মোনাজের রশীদ অভিযোগ করেন, সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রচলিত নিয়ম নীতি উপেক্ষা করে নিজের নামে কলেজ ও বাবা মায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন। দুটি মামলাই নথিভুক্ত করা হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসানউদ্দিন চৌধুরী। সাবেক সাংসদ গিয়াস এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৬ ঘ.