মানিকগঞ্জ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মানিকগঞ্জের পাটুরিয়ায় সোমবার রাতে একটি ফেরি চরে আটকে যায়। তারপর ভোরে ফেরি ঘাটে অন্য দুটি ফেরির মধ্যে সংঘর্ষের ফলে পদ্মাপাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এখনো কমেনি। তবে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানিয়েছেন, বিকেল ৬টায় উদ্ধার করা হয়েছে আটকে পড়া ফেরিটি।
প্রতিনিধি জানান, রাত একটার দিকে চরে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। বেশ কিছু যানবাহনের প্রায় ৫০০ যাত্রীকে নিয়ে আটকে পড়া ফেরিটি উদ্ধার হয়েছে মঙ্গলবার বিকেল ছটায়।
প্রতিনিধি আরো জানান, রাত তিনটায় পাটুরিয়া ফেরি ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি এনায়েত পুরির সঙ্গে উল্টো দিক থেকে আসা শাহ্ পরাণ ফেরির সংঘর্ষ হয়।
এ সময় শাহ্ পরান ফেরিটি ক্ষতিগ্রস্থ হয়। সংঘর্ষের ফলে দুই ফেরির যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার কারণে ১২ জন আহত হয়।
ক্ষতিগ্রস্থ শাহ পরান ফেরিটি মেরামতের জন্য পাটুরিয়ার ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। অন্যটি সারাদিন পারাপার করেছে।
দৌলতদিয়া-পাটুরিয়া ও পাটুরিয়া-কাজিপুর নৌ চ্যানেলে মোট ১২টি ফেরি ছিল। এর মধ্যে ৬ টি নষ্ট হয়ে যাওয়ায় সেগুলোকে মেরামতের জন্য ভাসমান কারখানায় পাঠানো হয়েছে আগেই। গত রাতে আরেকটি কারখানায় আশ্রয় নেয়ায় এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিও চরে আটকে থাকায় সারাদিন যানবাহন পারাপার হয়েছে মাত্র ৪টি ফেরি দিয়ে। বীরশ্রেষ্ঠ মতিউর উদ্ধার হলেও ফেরি প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই যানজট কমছে না।
বডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেডি/জিএনএ/এসি/ ১৮৫৫ ঘ.
bdnews24