বরিশাল, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশাল শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসির ফলাফল সংশোধনের পর ১ হাজার ৫৬২ জনের গ্রেডে উন্নতি ঘটেছে। তবে পাশের হার আগের মতোই রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর বলেছেন, "কেবল পাশ করা পরীক্ষার্থীদেরই গ্রেডে উন্নতি হয়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই পাশের হার বাড়েনি।"
ডেটা প্রসেসিং-এ ত্র"টির কারণে এ বোর্ডে ফলাফল নিয়ে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
পরীক্ষানিয়ন্ত্রক মোহাম্মদ শাহ্ আলমগীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুল ধরা পড়ার পর ওই শিক্ষার্থীদের ফলাফল সংশোধন করা হয়েছে।"
সংশোধিত ফলাফল অনুযায়ী ১১ জন পরীক্ষার্থীর গ্রেড 'এ' থেকে 'এ প্লাস', ৭২৯ জনের 'এ মাইনাস' থেকে 'এ' এবং ৮২২ জনের 'বি' থেকে 'এ মাইনাস' হয়েছে।
এই হিসেবে বোর্ডটিতে জিপিএ ৫ (এ প্লাস) পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৬৪১ থেকে বেড়ে ৬৫২, 'এ' ৩ হজার ৩১০ থেকে বেড়ে ৪ হাজার ৩৯, 'এ মাইনাস' ৩ হাজার ৫৩৭ থেকে বেড়ে ৪ হাজার ৩৫৯ হয়েছে।
পাশাপাশি 'বি', 'সি' ও 'ডি' গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
সংশোধিত ফলাফলে 'বি' গ্রেড পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮৫৮ থেকে কমে ৫ হাজার ৭৮৪, 'সি' গ্রেড ১১ হাজার ২০৬ থেকে কমে ৯ হাজার ৮২৫ ও 'ডি' গ্রেড ১ হাজার ৩৬৮ থেকে কমে ১ হাজার ২৬১ হয়েছে।
মোহাম্মদ শাহ্ আলমগীর ফলাফলে বিভ্রাটের জন্য ঢাকার কম্পিউটার বিভাগকে দায়ী করেছেন। তিনি জানান, ডেটা প্রসেসিং-এ ত্র"টির কারণে প্রকাশিত ফলাফলে ভুল থেকে গিয়েছিল।
এবছর বরিশাল শিক্ষাবোর্ড থেকে ৫১ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৫ হাজার ৯২০ জন পাশ করে। পাশের হার ৫০ দশমিক ৬৭ শতাংশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/এসি/১৮১৪ ঘ.
bdnews24