চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক হেলাল নিজামী জানান, গত ১১ জুন প্রবল বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড় ধসে পাঁচ জন নিহত হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পানি জমে। ওই সময় বৃষ্টির পানিতে জীব বিজ্ঞান অনুষদের নিচতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই অনুষদের বিভিন্ন মূল্যবান কাগজপত্র এবং আসবাবপত্র নষ্ট হয়। ওই অনুষদকে ক্লাসের উপযোগী করে তোলার জন্য জাহাঙ্গীর ফজলকে দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু এখন পর্যন্ত কাজের কোনও অগ্রগতি না হওয়ায় দায়িত্বে অবহেলার কারণে জাহাঙ্গীর ফজলকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে হেলাল নিজামী জানান।
তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য অধ্যাপক ড. কামাল হোসেনকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন অধ্যাপক ড. মো. আল ফোরকান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১২১৯ ঘ.
bdnews24