২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট মামলায় পঞ্চগড়ে ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় পঞ্চগড়ে দায়ের করা মামলার অভিযোগ গঠন হয়েছে সোমবার। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এফ এম মাহাবুবুল হকের আদালতে ১০ জেএমবি সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ গঠন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

পঞ্চগড়, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ঘটনায় পঞ্চগড়ে দায়ের করা মামলার অভিযোগ গঠন হয়েছে সোমবার। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এফ এম মাহাবুবুল হকের আদালতে ১০ জেএমবি সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ গঠন হয়। তারা হলেন তানভিরুজ্জামান ওরফে মুরাদ, খলিলুর রহমান, আজিজুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল মতিন, আব্দুল মোমিন, রশিদুল ইসলাম, আমিনুল ইসলাম, ফিরোজ হোসেন ও ফজলুর রহমান। ফাঁসির রায় কার্যকর হওয়ায় আবদুল আউয়ালকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার বাদী ও পঞ্চগড় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির ২০০৫ সালের ২৯ নভেম্বর শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালসহ ১১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তদের মধ্যে আব্দুল মোমিন, রশিদুল ইসলাম, আমিনুল ইসলাম, ফিরোজ হোসেন ও ফজলুর রহমানকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। এদিকে একই আদালতে নাশকতাসহ বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক একটি মামলায় একই আদালতে চার জনের সাক্ষ্যগ্রহণ করে। আদালত এ দুটি মামলারই আগামী ১৮ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। ২০০৫ সালের ১৯ নভেম্বর শহরের নতুনবস্তি এলাকার একটি বাসা থেকে তানভিরুজ্জামানসহ তিন জেএমবি সদস্যকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ১৫ জুন এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২১০৪ ঘ.