চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে র্যাব সদস্য সেলিম মিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রাম দ্রুত বিচার আদালত-১ এর বিচারক মহানগর হাকিম মনোয়ারুল ইসলাম এ রায় দেন।
আদালতের রায়ে সেলিম মিয়ার সহযোগী রাশেদুজ্জামান ইদ্রিস ও শিল্পী আখতারেরও একই সাজা হয়। আদালত একইসঙ্গে তিন জনের তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডাদেশ দেয়।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৭ মে ব্যবসায়ী নুরুল ইসলাম নগরীর হালিশহর এলাকায় বাসা খুঁজতে গেলে সেলিম মিয়া ও তার সহযোগীরা তাকে একটি বাসায় আটকে রাখে। সেখানে আসামীরা নুরুল ইসলামকে এক কিশোরীর সঙ্গে অশালীন ছবি তুলতে বাধ্য করে। এর পর তা প্রকাশের ভয় দেখিয়ে নুরুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
বিষয়টি পুলিশে জানানো হলে সেদিন বিকালেই নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁ থেকে সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সময় র্যাব-৭ এর সহকারী উপ পরিদর্শক সেলিম মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ওই ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন। গত ২৩ মে তদন্তকারী কর্মকর্তা মামলার অভিযোগপত্র দাখিল করেন। দ্রুত বিচার আদালতে ২৮ মে মামলার অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০৪৩ ঘ.
bdnews24