পঞ্চগড়, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন বিভাগের জমি দখল করে খামার স্থাপনের অভিযোগে জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে পঞ্চগড়ে একটি মামলা হয়েছে।
বন বিভাগের তেঁতুলিয়া বিট কর্মকর্তা মধুসুদন বর্ম্মন বাদী হয়ে রোববার বিকেলে জেলা আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় গ্লোব-জনকণ্ঠ খামারের সাবেক ব্যবস্থাপক খোরশেদ আলী জিন্নাহকেও আসামী করা হয়েছে।
মামলা গ্রহণ করে বিচারক আগামী ১০ জুলাইয়ের মধ্যে আসামীদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের জুন মাসে গ্লোব-জনকণ্ঠ খামার লিমিটেড বুড়াবুড়ি এলাকায় বন বিভাগের ৮৫ দশমিক ৪২ একর জমি অবৈধ প্রভাব খাটিয়ে দখল করে সেখানে নিজেরা খামার প্রতিষ্ঠা করে। আসামীরা প্রভাবশালী হওয়ায় এতদিন মামলা করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ রশিদ মণ্ডল বলেন, "বেশ কয়েকটি প্রতিষ্ঠান পঞ্চগড়ে বন বিভাগের জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখেছে। এরমধ্যে গ্লোব-জনকণ্ঠ খামারও একটি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮২২ ঘ.
bdnews24