চট্টগ্রাম, ১৮ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অবৈধ দখলদারদের কবল থেকে চাক্তাই খালকে মুক্ত করার অভিযান শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রামে ১১ জুনের বিপর্যয়ের পর দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা মেজর জেনারেল (অব) এম এ মতিন চাক্তাইকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। সোমবার দুপুর থেকে সেই লক্ষ্যেই শুরু হয়েছে অভিযান।
ব্যাপক দখলের ফলে ১৫০ থেকে ২০০ ফুট প্রস্থের চাক্তাই খাল কোথাও কোথাও ১০০ ফুটের চেয়েও সংকীর্ণ হয়ে পড়েছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার কারণ হিসাবে বিশেষজ্ঞরা চাক্তাই খালের এই দুরবস্থাকেও দায়ী করে আসছেন দীর্ঘদিন ধরে।
চাক্তাই খালকে দখলদারমুক্ত করার অভিযানের প্রথম দিনে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ সাঁড়াশি অভিযান চলবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিটি মেয়র এম মনজুরুল আলম। অভিযানের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মেয়র যে কোনো মূল্যে চাক্তাই খালের দু'পাশ দখলমুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, " চাক্তাই খালে পানির প্রবাহ স্বাভাবিক করার জন্য উভয় পাশে গড়ে ওঠা ১৩শ থেকে ১৫শ অবৈধ স্থাপনা দ্রুত ভেঙ্গে ফেলা হবে।"
সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান এবং চউকের ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌস সোমবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
কর্ণফুলী নদীর মোহনা থেকে বহদ্দারহাট পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ চাক্তাই খাল অবৈধ দখলের ফলে বিভিন্ন স্থানে সংকীর্ণ হয়ে পড়েছে। অসংখ্য অবৈধ স্থাপনার আবর্জনা এবং পাহাড় থেকে নেমে আসা ঢল থেকে মাটি জমে জমে খালের পানি প্রবাহের ক্ষমতাও কমে গেছে মারাত্মকভাবে। পরিণামে অল্প বৃষ্টিতেই এখন নগরীর বিভিন্ন স্থানে পানি জমে যায়।
মনজুরুল আলম সোমবার অভিযান চলার সময় দখলদারদের উদ্দেশ্যে বলেছেন"আগামীকালের সরিয়ে না নিলে সব স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে"।
ভারপ্রাপ্ত সিটি মেয়র জানান, এসব অবৈধ দখলদারকে তিন মাস আগেই তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সিটি কর্পোরেশন থেকে নোটিশ দেয়া হয়েছিল। তারপরও তারা স্থাপনা সরিয়ে নেয়নি। তাই এ অভিযানে তাদের কোনো ছাড় দেয়া হবে না।
অভিযানের সময় মেয়রের সাথে চউকের চেয়ারম্যান মুহাম্মদ আখতারউদ্দিনও উপস্থিত ছিলেন। তিনি জানান, দখলমুক্ত হলে এ খালটির দু'পাশে ১৫ থেকে ২০ ফুট প্রস্থের সড়ক নির্মাণ করা হবে।
চউকের চেয়ারম্যান জানান, চাক্তাইসহ নগরীর অন্যান্য খালে পানি প্রবাহ স্বাবাভিক রাখতে ইউএনডিপির এক হাজার কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়নেরও উদ্যোগ নেয়া হবে। চাক্তাই খালে যাতে জোয়ারের পানি ঢুকতে না পারে সেজন্য কর্নফুলী নদীর প্রবেশ মুখে 'টাইড রেগুলেটর' স্থাপন করা হবে। #
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসি/১৬০৪ ঘ.
bdnews24