ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাজনৈতিক দলের সংস্কার দলগুলোর উদ্যোগেই হওয়া উচিত, তা চাপিয়ে দেওয়া যায় না। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে এসে এ মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস।
বিউটেনিস বলেন, "রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে দলগুলোর মধ্যে পরিবর্তন দরকার। তবে সুফল পাওয়ার জন্য বাস্তবায়ন করা যায় এমন বিষয়গুলোই সংস্কারের আওতায় আনা দরকার। সংস্কার করা কঠিন হলেও এর প্রয়োজন আছে।"
ঘরোয়া রাজনীতি যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, "এ বিষয়ে আমি এর আগেও কয়েক দফা কথা বলেছি। তবে আজ এ বিষয়ে তার (পররাষ্ট্র উপদেষ্টা) সঙ্গে কোনো কথা হয়নি।"
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, " মানবাধিকারের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে আমি কিছুটা উদ্বেগও প্রকাশ করেছি। তবে উপদেষ্টা আমাকে আশ্বাস দিয়েছেন , যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর তদন্ত ঠিকভাবে হবে।"
এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবেচ এমন নিশ্চয়তাও দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে বিউটেনিস বলেন, "২০০৮ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছে তা থেকে সরকার সরে আসেনি বলেই আমাকে জানিয়েছেন।"
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বিউটেনিস আরও জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়েও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি এসব বিষয় জনগণকে অবহিত করার জন্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন।
বিউটেনিস বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র আগামীতেও বাংলাদেশকে সহায়তা দেবে বলে আশ্বাস দিয়েছেন।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মহিউদ্দিন আহমেদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, "এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।"
পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "এটি ছিল বিউটেনিসের বিদায়ী সাক্ষাৎকার। তিনি এখানে ১৪ মাস কাজ করেছেন। এ সময়ের মধ্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বিউটেনিসের অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।"
মানবাধিকার বিষয়ে বিউটেনিসের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "তাকে আশ্বস্ত করা হয়েছে যে কেউ মানবাধিকার লংঘন করে থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং তাকে জানানো হয়েছে বাংলাদেশে স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের কাজও চলছে।"
সরকার জনগণকে দেওয়া প্রতিশ্র"তি কিভাবে রক্ষা করবে সে ব্যাপারেও বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে উপদেষ্টা জানান।
মহিউদ্দিন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "মহিউদ্দিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়েছে এই খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ই সাংবাদিকদের মাধ্যমে দেশবাসিকে জানিয়েছে।"
বঙ্গবন্ধু হত্যা মামলায় অভিযুক্ত অন্যান্য পলাতক আসামীদের ফিরিয়ে আনার উদ্যোগের ব্যাপারে সরাসরি কিছু না জানিয়ে উপদেষ্টা বলেন, "আইনের হাত অনেক লম্বা, এটা অনেক দূর পর্যন্ত পৌঁছবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/এসি/১৪৩২ ঘ.
bdnews24