চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সোমবার থেকে চাক্তাই খালের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ শুরু হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় না দিয়ে সাঁড়াশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন।
তিনি রোববার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রাকৃতিক দুর্যোগ, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয় সভায় এ নির্দেশ দেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে এ সভা চলে একটানা রাত পৌনে ১০টা পর্যন্ত।
সভায় অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে পর্যায়ক্রমে অন্যান্য খালগুলোও সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় এ কাজ পরিচালিত হবে। অবৈধ দখলদার উচ্ছেদ ও সংস্কার কাজে ৪১টি ওয়ার্ডের কমিশনাররা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
সভায় উপদেষ্টা আরও বলেন, "অতীতে চাক্তাই খালের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালানো হলেও উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যায়নি। এবার স্টিমরোলার চালানো হবে। খালের তীর কেউ দখলে রাখতে পারবে না। পাহাড়ের গায়ে কোনো আঁচড় লাগতে পারবে না।"
সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় কমিশনার মোখলেস উর রহমান, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, জেলা প্রশাসক আশরাফ শামীম, পুলিশ কমিশনার মইনুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, গত শনিবার ঢাকায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে চট্টগ্রামে পাহাড় ধসের বিপর্যয় ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বলে উপদেষ্টা সমন্বয় সভায় উপস্থিত সবাইকে অবহিত করেন।
তিনি বলেন, শনিবার ওই সভায় পাহাড় কাটা রোধে প্রয়োজনে কঠোর নতুন আইন প্রনয়ণ, পুনর্বাসনসহ সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/০০৪৮ ঘ.
bdnews24