২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দর দিয়ে নয়টি পণ্য আমদানি বন্ধ করেছে ভারতের ব্যবসায়ীরা

পণ্যের দাম বাড়ানোর কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ, শুটকি, পাথরসহ নয়টি পণ্যের আমদানি শনিবার থেকে বন্ধ করে দিয়েছে ত্রিপুরার ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পণ্যের দাম বাড়ানোর কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ, শুটকি, পাথরসহ নয়টি পণ্যের আমদানি শনিবার থেকে বন্ধ করে দিয়েছে ত্রিপুরার ব্যবসায়ীরা। এর ফলে সরকার প্রতি মাসে ১১ থেকে ১২ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। বন্ধ হওয়া নয়টি পণ্য হচ্ছে ইলিশ মাছ, ছোট মাছ, চিটাগুর, বর্জ্যতুলা, ছোট শুটকি, চ্যাপা শুটকি, ছোট পাথরের গুড়া (ব্র"কেন অব ক্র্যাশ স্টোন), পোল্ট্রি ফিড এবং মেশিনারি তেল (আদারহ্যান্ড পাম্প পার্টস ফর হ্যান্ডেলিং ওয়াটার)। আগরতলা আমদানি--রপ্তানিকারক সমিতির নেতা সঞ্জিবুর রহমান জানান, রপ্তানি মূল্য বাড়িয়ে দেওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ থেকে এই নয়টি পণ্য আমদানি করবো না। কেননা এই বাড়তি দামে পণ্য কিনে আমরা লাভবান হব না। তিনি এগুলোর রপ্তানি মূল্য পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। আখাউড়া স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা এ কে এম খুরশিদ আলম জানান, প্রতি ছয় মাস পরপর পণ্যের দাম পুনর্নির্ধারণ করার কথা। তাছাড়া নয়টি পণ্যের দাম স্থানীয় বাজারে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, রপ্তানি বন্ধ হওয়া নয়টি পণ্য থেকে মাসে ১১ থেকে ১২ লাখ টাকা পাওয়া যেত। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে। আখাউড়া স্থল বন্দরে সরেজমিন ঘুরে জানা গেছে, কুমিল্লা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. সালাহউদ্দিন রিপনের স্বাক্ষর করা ৭ জুনের এক পত্রে নয়টি রপ্তানিযোগ্য পণ্যের রপ্তানি দাম পুনর্নির্ধারণের কথা জানান হয়। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সংগতি রেখে রপ্তানি দাম পুনর্নির্ধারন করা হয় বলে পত্রে উল্লেখ করা হয়। এতে ইলিশ মাছের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ২ হাজার ডলার থেকে সাড়ে তিন হাজার ডলার, ছোট মাছের রপ্তানি মূল্য টনপ্রতি এক হাজার ডলার থেকে বাড়িয়ে দুই হাজার ডলার করা হয়। আখাউড়া শুল্ক বিভাগ গত বৃহস্পতিবার পত্র পেয়ে নয়টি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশী ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যের দাম বাড়ানোর সংবাদ পেয়ে আগরতলা আমদানি--রপ্তানিকারক সমিতি শুক্রবার সভা করে নয়টি পণ্য বাংলাদেশ থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেন। আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি সফিকুর রহমান জানান, আখাউড়া স্থল বন্দর দিয়ে রপ্তানিযোগ্য মোট ৩৫টি পণ্যের মধ্যে মূলত এই ৯টিই বেশী রপ্তানি হয়ে থাকে। আখাউড়া স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা এ কে এম খুরশিদ আলম জানান, আগরতলার আমদানিকারকরা এখনো অফিসিয়াল ভাবে আমাদের কিছু জানাননি। তবে শনিবার তারা মাছসহ রপ্তানি মূল্য বাড়ানো নয়টি পণ্যের কোনটিই আমদানি করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২৩৮ ঘ.