মাদারীপুর, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা জজ আদালতে কাঠগড়া থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে তিন আসামী। আদালতের রায়ে তাদের ১৩ বছর করে কারাদণ্ড হয়েছিল। আর সে রায় শুনেই চম্পট দেয় তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে দুজন আত্মসমর্পণ করলেও বাকি একজনের হদিস মেলেনি।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, কর্তব্যরত পুলিশ সদস্যরা দায়িত্বে অবহেলা করেছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আদালত সূত্র জানায়, কালকিনি উপজেলার উত্তর কোলচুরি সস্তাল গ্রামের মকবুল হোসেন ঢালীর দায়ের করা একটি চাঁদাবাজির মামলা রায়ে বিচারক আবদুল হামিদ এক পলাতক আসামীসহ চার জনকে ১৩ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রায়ে ঘোষণার সময়ই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আলী আকবর, আবদুর রাজ্জাক ও অলিল মোল্লা পুলিশসহ সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ঘণ্টা তিনেক পর আলী আকবর ও আবদুর রাজ্জাক আদালতে এসে আত্মসমর্পণ করে। তবে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপর সাজাপ্রাপ্ত আসামী অলিল মোল্লার কোনও হদিস মেলেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৩ ঘ.
bdnews24