দ্রষ্টব্য: সংশোধনী- গ্রেপ্তারের সংখ্যা ছয় জন গ্রেপ্তারের স্থলে চার জন হবে। এর সঙ্গে নতুন তথ্য সন্নিবেশিত হয়েছে।
নরসিংদী, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উপজেলা সদরের ভেলানগরের যুবরাজ ভিলায় ছয় খুনের সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব--২ এর একটি দল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে আক্তারুজ্জামান বিরু নামে এক ঘাতককে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামে থেকে দুধ মিয়া, ভৈরবের শম্ভুপুর গ্রামের খোকন মিয়া, কুলিয়ারচর উপজেলার করকমারা গ্রাম থেকে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী যুবরাজ ভিলার পাশের জলাশয় থেকে ওই বাড়ির জানালা কাটার যন্ত্র উদ্ধার করা হয় বলে র্যাব জানায়।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে খুনসহ একাধিক মামলা রয়েছে।
গত ২২ মে যুবরাজ ভিলায় একই পরিবারের ছয়টি গলিত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৬ ঘ.
bdnews24