২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কে আজাদের সাড়ে ২৯ কোটি টাকার সম্পত্তির হিসাব দাখিল

হামিম গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের মোট ২৯ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৫০০ এবং তার স্ত্রী সায়মা আজাদের নামে থাকা এক কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার সম্পত্তির হিসাব বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হামিম গ্র"পের চেয়ারম্যান ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদের মোট ২৯ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৫০০ এবং তার স্ত্রী সায়মা আজাদের নামে থাকা এক কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার সম্পত্তির হিসাব বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি বিএনপির সাংসদ আলী আসগর লবী ও সাংসদ মঞ্জুরুল ইসলাম মুন্সীর বিরুদ্ধে দায়ের করা সম্পত্তির হিসাব গোপন করার মামলায় অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আগামী রোববার অভিযোগপত্র দাখিল করা হবে বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। হামিম গ্র"পের কর্ণধার এ কে আজাদ ও তার স্ত্রীর পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান কমিশনের সচিব দেলোয়ার হোসেনের কাছে সম্পত্তির হিসাব জমা দেন। তবে ওই হিসাবে ঋণ বাদ দিয়ে এ কে আজাদের নিট সম্পত্তি ২০ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৮৫৪ এবং স্ত্রী সায়মা আজাদের সম্পত্তি ৯৩ লাখ ৬০ হাজার ২৫৮ টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ কে আজাদের সম্পত্তির হিসাব বিবরণীতে বলা হয়েছে, তার নিজের নামে আট কোটি ১০ লাখ ১৬ হাজার ৩৯৭ টাকা এবং আট কোটি ৮২ লাখ ২৫ হাজার ১০০ টাকার শেয়ার রয়েছে। এ ছাড়া অন্যান্য সম্পদ রয়েছে প্রায় ১২ কোটি ৪০ লাখ টাকার। তার স্ত্রী সায়মা আজাদের নামে রয়েছে ১৫ লাখ ৯২ হাজার টাকা এবং ৯০ লাখ ৭৯ হাজার ১২৫ টাকার শেয়ার। সম্পদ রয়েছে তিন লাখ ৮৮ হাজার টাকার। হিসাব বিবরণীতে এ কে আজাদের দেনার পরিমাণ প্রায় নয় কোটি এবং স্ত্রী সায়মা আজাদের দেনা ১৭ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/পিসি/এসডি/১৯৩৮ ঘ.