২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই একজনকে বাদ দিলেই সংস্কার হয় না: সুলতানা কামাল

দুই একজনকে বাদ দিলেই সংস্কার হয় না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 11:42 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুই একজনকে বাদ দিলেই সংস্কার হয় না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাস্থ্য অধিকার বিষয়ে দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুলতানা কামাল বলেন, "সংস্কার সংস্কার বলা হচ্ছে। কিসের সংস্কার? দুই একটা মানুষকে বের করে দেওয়া মানে সংস্কার নয়। সংস্কার হচ্ছে চিন্তা, সংস্কৃতি ও কৃষ্টির আমূল পরিবর্তন।" সাবেক উপদেষ্টা বলেন, "বাংলাদেশের মানুষ সুনীতির পক্ষে, দুর্নীতির পক্ষে নয়। মুষ্টিমেয় কিছু মানুষের জন্য দুর্নীতিগ্রস্ত হিসাবে আমরা চিহ্নিত হয়েছি।" স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এটা সুশাসন ও গণতন্ত্রের বিষয়। সম্মেলন কমিটির চেয়ারম্যান অধ্যাপক নাজমুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মিলন বিকাশ পাল ও অধ্যাপক রশিদ ই মাহবুব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডা. নিতাই দাস। স্বাস্থ্য অধিকার বিষয়ে দুদিনব্যাপী এই জাতীয় সম্মেলনের আয়োজন করেছে হেলথ রিসার্চ অ্যান্ড রাইটস ফাউন্ডেশন ও পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার। সহআয়োজকের দায়িত্বে রয়েছে মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি, হেলথ রিপোর্টার্স ফোরাম, আরবান হেলথ নেটওয়ার্ক, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশসহ ৫২টি সংগঠন। সম্মেলনের বিভিন্ন সেশনে স্বাস্থ্য অধিকারসহ বিভিন্ন বিষয়ে মোট ১২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। বিডিনিউজ টুয়েন্টফোর ডটকম/এমআরএফ/জেকে/জিএনএ/১৭২৭ ঘ.