২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অংশ হিসেবে কিশোরগঞ্জে সংঘটিত বোমা হামলার ঘটনায় বৃহস্পতিবার জেএমবি সদস্য ওবায়দুল্লাহ সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

কিশোরগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অংশ হিসেবে কিশোরগঞ্জে সংঘটিত বোমা হামলার ঘটনায় বৃহস্পতিবার জেএমবি সদস্য ওবায়দুল্লাহ সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে ইতোমধ্যে ফাঁসি কার্যকর হওয়ায় মামলার অপর দুই আসামী জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুফাখখারুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষে নিযুক্ত এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান অভিযুক্ত আসামির বিরুদ্ধে ২০০৫ সালের ১৭ আগস্ট কিশোরগঞ্জের ছয়টি স্থানে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনেন। অভিযোগের জবাবে গ্রেপ্তারকৃত ওবায়দুল্লাহ সুমন নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ গঠন করেন। ২০০৫ সালের ২২ সেপ্টেম্বর জেএমবি সদস্য ওবায়দুল্লাহ সুমন শক্তিশালী পাওয়ার জেল, ডেটোনেটর এবং বিপুল পরিমাণ বিস্ফোরকসহ নিকলী উপজেলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এদিকে অপর একটি বিস্ফোরক মামলায় ওবায়দুল্লাহ সুমনের এরইমধ্যে ১৭ বছরের সাজা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসডি/১৫৫৪ ঘ.