নারায়ণগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বিভিন্ন কাজে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আসা মানুষের দুর্ভোগ কমাতে তথ্য কেন্দ্র চালু করা হচ্ছে।
আর প্রথম পরীক্ষামূলক কেন্দ্রটি চালু করা হচ্ছে নারায়ণগঞ্জে। পরে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও তা চালু করা হবে বলে জানা গেছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন বিয়ামের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল হামিদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) ড. মুহাম্মদ সাদিক এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ফায়জুল কবীর।
সভায় জানানো হয়, ব্রিটিশ সরকারের সহযোগিতায় এই তথ্য কেন্দ্র চালু হচ্ছে। এই তথ্য কেন্দ্র থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসা লোকজনকে সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করা হবে। এর ফলে মানুষের হয়রানি কমবে। টাউট--বাটপারদের দৌরাত্ম্য কমে যাবে।
আরও বলা হয়, ব্রিটিশ আমল থেকেই দেখা যাচ্ছে যে, প্রতিদিন জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন কাজে দূর--দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসেন। তাদের অনেকেই জানেন না কোন কাজের জন্য কোন কর্মকর্তার কাছে যেতে হবে। ফলে তারা সহজেই খারাপ লোকের খপ্পরে পড়ে নানা হয়রানির শিকার হন।
সভায় আরও জানানো হয়, নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে এই তথ্যকেন্দ্র চালু হচ্ছে। অচিরেই দেশের অবশিষ্ট ৬৩ জেলা প্রশাসকের কার্যালয়েও পর্যায়ক্রমে এই কেন্দ্র চালু করা হবে।
জেলা প্রশাসক ফায়জুল কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এই তথ্য কেন্দ্র থেকে মানুষ যাতে প্রয়োজনীয় সেবা পায় সেজন্য দক্ষ ও উদ্যমী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৮৩৬ ঘ.
bdnews24