ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ভোটার তালিকা নিয়ে আলোচনা করেছেন।
জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিউটেনিস এরশাদের সঙ্গে তার বারিধারার বাসায় দেখা করেন।
এতে জানানো হয়, বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পরিবর্তিত পরিস্থিতিকে জনগণ স্বাগত জানিয়েছে। আশা করছি, ২০০৮ সালের মধ্যেই নির্বাচন হবে।
তবে তড়িঘড়ি করে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন নেই বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানান এরশাদ। তার মতে, ছবি সম্বলিত ভোটার তালিকা তৈরি এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সময় দেওয়া প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জিয়াউদ্দিন আহমেদ, গোলাম মসিহ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআই/জিএনএ/১৭২৫ ঘ.
bdnews24