২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদক ও খুচরা বিক্রেতাদের নিয়ে সমবায় গড়বে সরকার

মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম নির্মূল করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে উৎপাদক ও খুচরা বিক্রেতাদের নিয়ে সমবায় গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম নির্মূল করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে উৎপাদক ও খুচরা বিক্রেতাদের নিয়ে সমবায় গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার আন্তঃ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম সাংবাদিকদের বলেন, "সরকারি পৃষ্ঠপোষকতায় তৃণমূল পর্যায়ের কৃষক, উৎপাদক ও খুচরা বিক্রেতাদের নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। কৃষি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের উদ্বুদ্ধ করার কাজটি করবেন। স্থানীয় প্রশাসন এ বিষয়ে তাদের সার্বিক সহায়তা দেবে।" অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ক্ষুদ্র আমদানিকারকদের ভোজ্য তেল আমদানিতে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার দুই লাখ টন চাল ও দুই লাখ ১২ হাজার টন গম আমদানির প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া স্থানীয় বাজার থেকে চাল সংগ্রহের কাজও চলছে। তিনি বলেন, "পাম তেলের দাম গত এক মাসে প্রতি লিটারে ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে গেছে। পাশাপাশি মসুর ডালের দাম ৪ শতাংশ, আলু দশমিক ৪০ শতাংশ ও পেঁয়াজের দাম ১৫ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। তবে চালের দাম কমেছে ছয় দশমিক ৮১ শতাংশ।" এদিকে, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার এখন থেকেই সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন গোলাম মোস্তাকিম। টিসিবি ও বিডিআর ডাল, ছোলা ও ভোজ্য তেল আমদানি করবে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোকে ভোজ্য তেলের আমদানি ও পরিশোধনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে প্রতি সপ্তাহে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অতিরিক্ত সচিব জানান, সরকার ডালের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তুরষ্ক থেকে ডাল আমদানি শুরু করেছে। পোঁয়াজও আমদানি করা হবে বলে জানান তিনি। এর আগে পাকিস্তান ও ভারত থেকে ডাল আমদানি করা হলেও দেশ দুটি ডাল রপ্তানি বন্ধ করে দেওয়ায় কোনো প্রতিবেশী দেশ থেকে আপাতত ডাল কেনা যাচ্ছে না। আলুর দামের ব্যাপারে তিনি বলেন, "আগামী এক মাসের মধ্যে আলুর দাম কমে আসবে।" টিসিবি ২৯ টাকা কেজি দরে চিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, টিসিবি ও এনএসআই এর প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/জেকে/১৬২৭ ঘ.