২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কর্মকর্তার নির্যাতনে আহত ব্যবসায়ী হাসপাতাল ছেড়েছেন

সেনা কর্মকর্তার নির্যাতনে আহত ব্যবসায়ী মাহবুব আলম লিটন বুধবার হাসপাতাল ছেড়ে বাসায় উঠেছেন। তবে এখনও মামলা হয়নি এ ঘটনায়। বুধবার দুপুর একটায় তিনি রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গ্রিনরোডের কনসেপ্ট টাওয়ারে নিজের বাসায় উঠেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনা কর্মকর্তার নির্যাতনে আহত ব্যবসায়ী মাহবুব আলম লিটন বুধবার হাসপাতাল ছেড়ে বাসায় উঠেছেন। তবে এখনও মামলা হয়নি এ ঘটনায়। বুধবার দুপুর একটায় তিনি রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গ্রিনরোডের কনসেপ্ট টাওয়ারে নিজের বাসায় উঠেন। নির্যাতিত ব্যবসায়ী মাহবুব আলম লিটন বুধবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজই (বুধবার) মামলা দায়ের করার কথা থাকলেও হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়া এবং অন্যান্য প্রক্রিয়াগত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তিনি জানান, সন্ধ্যায় তার আইনজীবী কনসেপ্ট টাওয়ারের বাসায় এসে মামলার কাগজপত্র তৈরি করবেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা মুখ্য মহানগর আদালতে ক্যাপ্টেন শিবলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কনসেপ্ট টাওয়ার ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (বুধবার) সন্ধ্যায় ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা একটি বৈঠকে বসবেন। ওই বৈঠকে ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে ক্যাপ্টেন শিবলীর বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার গ্রিনরোডে কনসেপ্ট টাওয়ার নামে একটি বহুতল অ্যাপার্টমেন্টের সংস্কার কাজ নিয়ে বিরোধের জের ধরে সোমবার ব্যবসায়ী লিটনকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের ক্যাপ্টেন শিবলী বাসা থেকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেন। পরে লিটনকে অ্যাপার্টমেন্টের ফটকের সামনে আহত অবস্থায় ফেলে রেখে গেলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে ভর্তি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসডি/১৬৩২ ঘ.