লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স ) -- আধুনিক আফ্রিকান সাহিত্যের জনক হিসেবে পরিচিত নাইজেরিয়ার বিশিষ্ট লেখক চিনুয়া আচেবে চলতি বছরের বুকার পুরষ্কার পেলেন। বুধবার ৬০ হাজার পাউন্ড মূল্যের এই পুরষ্কারের ঘোষণা দেওয়া হয়।
গল্প উপন্যাসে বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতি দু বছর অন্তর দি ইন্টারন্যাশনাল ম্যান বুকার প্রদান করা হয়।
এবারের বুকার বিচারকমন্ডলীর প্রধান এলেইন শোয়ালান্টার চিনুয়া আচেবে সম্পর্কে মন্তব্য করেন, " আধুনিক আফ্রিকান উপন্যাসের উদ্ধোধন ঘটিয়েছেন এই লেখক।"
আচেবের বয়স এখন ৭৬। ১৯৫৮ সালে তার লেখা প্রথম উপন্যাস 'থিংস ফল অ্যাপার্ট' প্রকাশিত হওয়ার পরপরই ওই উপন্যাসের সুবাদে তিনি ব্যাপক পরিচিত লাভ করেন। বিশ্ব জুড়ে উপন্যাসটি ১ কোটি কপি বিক্রি হয়। এছাড়াও তার আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস 'অ্যান্টহিলস অফ দি সাভানা'। এটি প্রকাশিত হয় ১৯৮৮ সালে।
চিনুয়ার আচেবের রচনায় আফ্রিকার রাজনীতি এবং পশ্চিমের চোখে কিভাবে চিত্রিত হয় আফ্রিকা সে প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে।
১৯৯০ সালে এক সড়ক দুর্ঘটনায় এই বিশিষ্ট ঔপন্যাসিকের শরীরের নিম্নার্ধ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়।
বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন আচেবে। বর্তমানে তিনি নিউ ইয়র্কের অ্যানানডেলের বার্ড কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত।
অনেক আফ্রিকান লেখকের প্রেরণার উৎস চিনুয়া আচেবে। এ মাসেই নাইজেরিয় লেখক চিমান্দা নগুজি আদিচি অরেঞ্জ পুরষ্কারে ভুষিত হন। বিশ্বের মহিলা লেখকদের জন্য অত্যন্ত সম্মানজনক এই পুরষ্কার।
চিনুয়া সম্পর্কে আদিচি বলেন , " অসাধারণ মানুষ তিনি। ...প্রত্যেক লেখকের তার মতো হওয়া উচিত বলে আমি মনে করি।"
২৮ জুন অক্সফোর্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে আচেবের হাতে বুকার পুরষ্কার তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১২১৪ ঘ
bdnews24