২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব দিলেন জিয়াউল হক জিয়া

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়া দুর্নীতি দমন কমিশনে তার সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। মঙ্গলবার তার আইনজীবী আজিজুল হকের কাছ থেকে এই হিসাব বিবরণী জমা নেন কমিশনের সচিব দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়া দুর্নীতি দমন কমিশনে তার সম্পত্তির হিসাব জমা দিয়েছেন। মঙ্গলবার তার আইনজীবী আজিজুল হকের কাছ থেকে এই হিসাব বিবরণী জমা নেন কমিশনের সচিব দেলোয়ার হোসেন। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বশেষ নোটিশ পাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন তাদের সম্পত্তির হিসাব দিলেন। জিয়াউল হক জিয়ার বিবরণীতে জানানো হয়েছে, তার আছে ঢাকার বনানীতে রাজউক থেকে পাওয়া প্রায় আট দশমিক ৭০ শতাংশ জমির ওপর ছয় তলা বাড়ি, লক্ষ্মীপুরের আঙ্গারপাড়া গ্রামে পৈত্রিক জমিসহ মোট ৪২ দশমিক ৪৮ শতাংশ জমি, ওরিয়েন্টাল ব্যাংকের দিলকুশা শাখায় তিন লাখ ১১ হাজার টাকা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মহাখালী শাখায় দুটি হিসাবে মোট এক লাখ ৭৮ হাজার এবং অগ্রণী ব্যাংক মোহাম্মদপুর শাখায় দুই লাখ ১৬ হাজার টাকা। এ ছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য আছে ৩৯ লাখ ৫৬ হাজার টাকা দামের একটি টয়োটা লেক্সাস গাড়ি, ১৩ লাখ ২৬ হাজার টাকার আসবাবপত্র এবং দুই লাখ টাকা দামের দুটি আগ্নেয়াস্ত্র ও ৯১ রাউন্ড গুলি। জিয়ার স্ত্রী নাসিমা হকের নামে রয়েছে সাভারে ১৩ লাখ ২৪ হাজার মূল্যের ৮৩ শতাংশ জমি, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগকৃত ২০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের হিসাবে তিন লাখ ২৬ হাজার ৮৯০ টাকা এবং ৮৫ লাখ টাকার এফডিআর। নাসিমা হকের দেনা হিসেবে ছোট বোনের কাছ থেকে ৩১ লাখ ২০ হাজার এবং অন্য আত্মীয়স্বজনদের কাছে ৪৫ লাখ টাকা ঋণ থাকার কথা উল্লেখ করা হয়েছে বিবরণীতে। জিয়ার ছেলে মাশফিকুল হকের নামে তেজগাঁও শিল্প এলাকায় ১৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের দুটি প্লট, মহাখালীতে এক কোটি ৬২ লাখ টাকার 'রয়েল' নামে একটি সিএনজি স্টেশন, এক লাখ ৫০ হাজার মূল্যের রয়েল সিএনজি কনভারশন স্টেশন, এসিই মেকার লিমিটেড-এ পাঁচ লাখ ৪০ হাজার টাকার শেয়ার, বিভিন্ন ব্যাংকে এফডিআর এক কোটি ৪০ হাজার টাকা এবং তেল সরবরাহ বাবদ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা চার কোটি ৫০ লাখ টাকা। মেয়ে প্রিয়াংকার নামে রয়েল সিএনজি স্টেশনের পাঁচ লাখ টাকার শেয়ার রয়েছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/এমএইচবি/১৯০০ ঘ.