ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ ক্রয়ের (ক্যাপটিভ পাওয়ার) জন্য আনুষ্ঠানিক চুক্তি করেছে সরকার। বোরবার এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেড এবং মেসার্স মেঘনা এনার্জি লিমিটেড নামে দুইটি প্রতিষ্ঠানের সঙ্গে সাত মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।
বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার জন্য প্রথমবারের মতো এ ধরনের চুক্তি স্বাক্ষর করল সরকার।
আরইবি ভবনে স্বাক্ষরিত চুক্তি অনুসারে এস আলম পাওয়ার প্লান্ট তিন থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। পিক আওয়ারে সরবরাহ করবে সর্বোচ্চ তিন মেগাওয়াট। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি--১ এর গ্রাহকদের এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। এস আলম পাওয়ার প্লান্ট ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
অপরদিকে মেসার্স মেঘনা এনার্জি লিমিটেড এক থেকে চার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে। পিক আওয়ারে এ প্রতিষ্ঠান সর্বোচ্চ চার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। এ প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা ১০ দশমিক ৯ মেগাওয়াট। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখান থেকে প্রাপ্ত বিদ্যুৎ বিতরণ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী বলেন, এই সাত মেগাওয়াট বিদ্যুৎ ক্ষুদ্র মনে হতে পারে। কিন্তু এই প্রক্রিয়ার শুরু হলো মাত্র। সরকারকে বিদ্যুৎ দিতে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে। এটা খুবই আশাব্যঞ্জক।
তিনি বলেন যাদের ক্যাপটিভ পাওয়ার বিক্রি করার উপায় আছে তারা তা বিক্রি করলে আর্থিক দিক থেকে লাভবান হবে। দেশের বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা বলেন, ক্যাপটিভ পাওয়ার নীতিমালার ট্যারিফ ও লাইসেন্স ফি নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা হচ্ছে। এটা পরিবর্তন করা যেতে পারে। সবাই উদ্যোগ নিলে আগামী এক বছরের মধ্যে ১০০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার পাওয়া সম্ভব।
আরইবি'র চেয়ারম্যান হাবিব উল্লাহ মজুমদার বলেন, ক্যাপটিভ পাওয়ার কেনার জন্য আরোও পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে ১১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। ১১টি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। সব মিলিয়ে তিন মাসের মধ্যে ২৫ থেকে ৩০ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার পাওয়া যেতে পারে।
তিনি বলেন, দুইটি প্রতিষ্ঠান বিদ্যমান নীতিমালা মেনেই সরকারের সঙ্গে চুক্তি করেছে। লাভজনক না হলে তারা এটা করতো না। এ থেকে মনে হয় এ সংক্রান্ত নীতিমালাটি গ্রহণযোগ্য।
আরইবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সচিব মতিজা বেগম। এম আলম পাওয়ার প্লান্টের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবদুস সামাদ এবং মেসার্স মেঘনা এনার্জি লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার আশরাফুল আমীন বাবুল চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রসঙ্গত, বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকার ২০০৫ সালে ক্যাপটিভ পাওয়ার ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এ জন্য একটি নীতিমালাও তৈরি করা হয়। তবে প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন কারণে এ উদ্যোগ আর অগ্রসর হয়নি। বর্তমান তত্ত্ববধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর এ ব্যাপারে সচেষ্ট হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/১৯৪৬ ঘ.
bdnews24