নীলফামারী, জুন ০৯ (বিডিনিউ টুয়েন্টিফোর ডটকম)-- স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গৃহবধু লিপি বেগম। পুলিশ জানিয়েছে, দুই সন্তানের জননী লিপি বেগম অন্তসত্ত্বা ছিলেন।
কিশোরগঞ্জ থানার দায়িত্বরত কর্মকতা শঙ্কর কুমার দাস জানান, লিপির স্বামী বাজে ডুমুরিয়া গ্রামের আনুমিয়া (৩৮) চট্রগ্রামে রিক্সা চালান। মাসখানেক আগে তিনি বাড়ি ফিরে স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে আবারো চট্রগ্রাম চলে যান। গত ৭ জুন আনু মিয়া মোবাইল ফোনে লিপিকে জানান, তিনি চট্টগ্রামে আরেকটি বিয়ে করেছেন। এই খবর শুনে শুক্রবার রাতে লিপি বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
শঙ্কর কুমার আরো জানান, মৃত্যুর সময় দুই সন্তানের জননী লিপি বেগম অন্তসত্ত্বা ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৪৮ ঘ.
bdnews24