২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কুয়ার বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

বগুড়ার গাবতলীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খনন করা একটি কুয়ায় নেমে বিষাক্ত গ্যাসে ফরিদ উদ্দিন (৩৫) ও তার ভাতিজা মুকুলের (২০) মৃত্যু হয়েছে। নেপালতলী ইউনিয়নের সোনাপুর গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 03:40 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

বগুড়া, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বগুড়ার গাবতলীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের খনন করা একটি কুয়ায় নেমে বিষাক্ত গ্যাসে ফরিদ উদ্দিন (৩৫) ও তার ভাতিজা মুকুলের (২০) মৃত্যু হয়েছে। নেপালতলী ইউনিয়নের সোনাপুর গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মোজাম্মেল হককে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিনের আর্সেনিক সমস্যার কারণে গত মার্চে সোনাপুর গ্রামে একটি কুয়া খনন করা হয়। কিন্তু সেখানে ঘোলা পানি ওঠায় তা পান করা যেত না। শুক্রবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারি মোজাম্মেল হক ও মোবারক আলী সেখানে যান। তারা কুয়ার ভেতরে কোনো সমস্যা আছে কি-না দেখার জন্য ফরিদ উদ্দিনকে কুয়ায় নামিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময় পরও ফরিদ উঠে না আসায় ভাইপো মুকুলও কুয়ায় নামেন। তিনিও উঠে না আসলে পুলিশ ও দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরাও তাদের তুলতে ব্যর্থ হলে রংপুর ও রাজশাহী থেকে ডুবুরিরা এসে বিকেল পৌনে ৩ টার দিকে প্রথমে মুকুলের লাশ এবং আরো তিন ঘণ্টা পর ফরিদের লাশ উদ্ধার করে। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, কুয়ার নিচে জমে থাকা কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড জাতীয় কোনো গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়না তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মী মোজাম্মেল হককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৩৮ ঘ.