ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- নজরদারি ও প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা না থাকায় দেশের খুচরা ওষুধ বাজার নিুমানের ওষুধে ছেয়ে গেছে।
সংশ্লিস্টরা জানিয়েছেন, নকল ওষুধের ওপর নজরদারির কোনো ব্যবস্থা না থাকায় অসাধু ব্যবসায়ীরা গ্রামগুলোকেই তাদের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। স্থানীয় বিক্রেতাদের কমিশন দিয়ে নিুমানের ওষুধ বিক্রি করতে উৎসাহ দিচ্ছেন তারা। এসব অঞ্চলের চিকিৎসকরাও সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীদের হয়ে কাজ করছেন।
জনস্বাস্থের জন্য ক্ষতিকর এইসব ওষুধের মধ্যে সাধারণ ব্যাথা উপশমকারী ওষুধ থেকে শুরু করে ক্যানসারের ওষুধও রয়েছে।
ওষুধ প্রশাসনের দুর্বল গবেষণাগার এবং তদারকির অভাবের কারণেই নিুমানের ওষুধ তৈরি ও বিক্রি হচ্ছে বলে অনুসন্ধানে জানা গেছে।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং সরকারি তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত ২০০ প্রতিষ্ঠানের মধ্যে ৪০টি বছরে ৮ হাজার ধরনের ওষুধ তৈরি হয়। এসব প্রতিষ্ঠান বছরে ৮০ হাজার থেকে ১ লাখ ওষুধ তৈরি করে।
অথচ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের অধীনে জাতীয় ওষুধ পরীক্ষণ কেন্দ্রে (ডিটিএল) বছরে মাত্র আড়াই হাজার নমুনা পরীক্ষা করা সম্ভব। অর্থাৎ সারা বছর উৎপাদিত ওষুধের ৭০ শতাংশই পরীক্ষা করে দেখা সম্ভব হয় না।
অবশ্য ডিটিএল এর প্রধান ডা. আবুল খায়ের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমরা ৯০ শতাংশ ওষুধের নমুনাই পরীক্ষা করি। এগুলো আমরা পাই ওষুধ কর্তৃপক্ষ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সম্মিলিত সামরিক হাসপাতাল, ভ্রাম্যমান আদালতসহ বিভিন্ন সূুত্র থেকে। এর মধ্যে ৫ থেকে ৬ শতাংশ ওষুধ মানোত্তীর্ণ হতে পারে না।
তবে তিনি আধুনিক যন্ত্রপাতির অভাবের বিষয়টি স্বীকার করে বলেন, "নিয়মিত গুণগুত মান পরীক্ষার জন্য এটি একটি বড় বাধা। তাছাড়া আমরা যে যন্ত্রপাতি দিয়ে কাজ করি তাও অনেক পুরনো।"
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. ময়েজ উদ্দিন বলেন, "আমাদের কোনও জেনারেটরও নেই। পরীক্ষার মাঝপথে বিদ্যুৎ চলে গেলে আবার নতুন করে পরীক্ষা শুরু করতে হয়।"
পরীক্ষাগারের জন্য আলাদা কোনও বরাদ্দ না থাকার কথা উল্লেখ করে ময়েজ উদ্দিন বলেন, "সরকারের কাছ থেকে অর্থ পাওয়ার বিষয়টি অত্যন্ত জটিল ও দীর্ঘ। এরপরও অর্থ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত করে বলা যায় না।"
ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান, ওষুধের খুচরা বাজারে নজরদারি করার মতো পর্যাপ্ত অর্থ ও লোকবল তাদের নেই। ড্রাগ সুপারকে ওষুধের নমুনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হলেও ওষুধ কেনা, প্যাকেট করা ও পরীক্ষাগারে পাঠানোর জন্য পর্যাপ্ত টাকা তাকে দেওয়া হয় না।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, "আমরা জানি যে এসব ওষুধের কারণে রোগির মৃত্যুও হতে পারে। কিন্তু আমরা অসহায়। পর্যাপ্ত উপকরণ না পেলে ভালোভাবে কাজ করা সম্ভব না।"
তিনি জানান, ওষুধ প্রশাসনের আধুনিকায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে বেশ কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু কোনোটিই কার্যকর হয়নি।
এদিকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নিুমানের ওষুধ তৈরির অভিযোগ মানতে রাজি নয়। গুণগুতমান নিশ্চিত করতে না পারায় সরকারকেই দায়ী করছেন তারা।
বাংলাদেশ এসোসিয়েশন ফর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, "কোনো অসাধু উপায় অবলম্বন করা হলে তা দেখার দায়িত্ব ওষুধ প্রশাসনের। ওষুধ বাজারজাত করার আগেই তাদের তা পরীক্ষা করে দেখার কথা। ওষুৃধ প্রশাসন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।"
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের ড. সাইদুর রহমান বলেন, "সরকারের ব্যর্থতার কারণে নকল ওষুধ গ্রামাঞ্চলে জায়গা করে নিচ্ছে।"
তিনি বলেন, "অনেক ধরনের ওষুধ বিশ্লেষণ করার ক্ষমতাই নেই জাতীয় ওষুধ পরীক্ষণ কেন্দ্রের। দ্রুত টাকা কামানোর জন্য কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগটিই কাজে লাগাচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/আরবি/জেকে/১৮২৪ ঘ.
bdnews24