২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরনগরীতে পানি সংগ্রহ নিয়ে মারামারি, আহত ৫

নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় শুক্রবার দুপুরে পানি সংগ্রহ ও বিতরণ নিয়ে আধিপত্যের জের ধরে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় শুক্রবার দুপুরে পানি সংগ্রহ ও বিতরণ নিয়ে আধিপত্যের জের ধরে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে জানে আলম নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে মতিঝর্ণা এলাকায় অবস্থিত একটি ডিপ টিউবয়েল থেকে পানি সংগ্রহ ও বিতরণের বেলায় আধিপত্য নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি জানে আলম এবং মো. ইসমাইলের গ্র"পের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ বেধে গেলে পাঁচজন আহত হয়। এদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং মাথায় আঘাতপ্রাপ্ত জানে আলমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী খুলশী থানার উপ--পরিদর্শক উত্তম কুমার জানান, এই ডিপ টিউবয়েলটি থেকে পানি সংগ্রহের আধিপত্য নিয়ে আগে থেকেই এই দুই গ্র"পের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে শুক্রবার মারামারি বাঁধে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি জানান, এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে জানে আলমের লোকজন পুলিশের কাছে অভিযোগ করেছে, প্রতিপক্ষরা জানে আলমের বাসা ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ--পরিদর্শক সুমিত কুমার কুণ্ডু এ প্রসঙ্গে জানান, বিকাল পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসডি/১৬১৬ ঘ.