ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বিগত জোট সরকারের আমলে ব্যাপক দুর্নীতির কারণে লোকসানে পড়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা। দলের প্রভাবশালীদের ব্যক্তিগত সুবিধার জন্য অপরিকিল্পিতভাবে প্রকল্প গ্রহণ, অতিরিক্ত জনবল নিয়োগ, গোচারণ ভূমি দখল করে নেওয়ার কারণে সরকারি এই প্রতিষ্ঠানটির এই হাল হয়েছে।
লোকসানের কারণ অনুসন্ধানে স্থানীয় সরকার মন্ত্রণালয় গঠিত পৃথক দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে এসেছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এই প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের বলেন, "মিল্ক ভিটাতে রাজনৈতিক প্রভাবেই দুর্নীতি হয়েছে। তদন্ত কমিটি দুর্নীতিগুলো চিহ্নিত করতে পেরেছে। কিন্তু দুর্নীতির পেছনে কারা রয়েছে তা এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি।"
তিনি জানান, দুর্নীতিবাজদের চিহ্নিত করতে দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি বিরোধী টাস্কফোর্সকে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানের মজুদ পণ্যের মূল্যমান দেখানো হয়েছে ৩১ কোটি টাকা। কিন্তু তদন্ত কমিটি সরেজমিনে এই টাকার মূল্যমানের মজুদ পায়নি। ১৯৭৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ৩০ বছরে সারাদেশে মিল্কভিটার ১৪ টি প্লান্ট স্থাপন করা হয়েছে। অথচ ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মাত্র তিন বছরে ১২০ কোটি টাকা ব্যয়ে ২০টি প্লান্ট স্থাপন করা হয়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, এই প্লান্টগুলো স্থাপনে বাণিজ্যিক উদ্দেশ্যের চেয়ে বেশি ছিল রাজনৈতিক কারণ ও অর্থনৈতিক দুরভিসন্ধি।
আনোয়ারুল ইকবাল বলেন, "দুধ পাওয়া না গেলেও শিবপুরে ৩৩ কোটি টাকা ব্যয়ে একটি, মৌলভীবাজারে দুই কোটি টাকা ব্যয়ে একটি এবং লক্ষীপুরে দুই কোটি টাকার বেশি ব্যয়ে একটি চিলিং প্লান্ট স্থাপন করা হয়েছে।"
তিনি আরও বলেন, এই তিনটা প্লান্টের মেশিন চালু রাখার জন্য ঢাকা থেকে গুঁড়ো দুধ নিয়ে পানিতে মিশিয়ে মেশিনে ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, উল্লিখিত তিনটি এলাকাতেই জোট সরকারের তিনজন প্রভাবশালী মন্ত্রীর বাড়ি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে সমবায় অধিদপ্তরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার কথা থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করা হয়।
দরপত্রের মাধ্যমে মেশিন কেনার ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এক কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ডেনমার্কের টমা ব্র্যান্ডের একটি ব্রয়লার ঢাকার ডেইরি প্লান্টে স্থাপন করার কথা ছিল। কিন্তু বাস্তবে কয়েক লাখ টাকার পুরনো বয়লার স্থাপন করা হয়েছে। স্থাপন করা প্লান্টগুলোর মান খুবই খারাপ। ফলে প্রস্তাবিত উৎপাদন ক্ষমতার চেয়ে ৮৬ থেকে ৭০ শতাংশ কম উৎপাদন হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী মুস্তফা চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটি দুটোর একটির কাজ ছিল ব্যবস্থাপনা সংক্রান্ত অনিয়ম তদন্ত, আর্থিক অনিয়ম ও ক্রয় দুর্নীতি, দুধের মূল্য বৃদ্ধি ও সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত এবং জনবল নিয়োগ সংক্রান্ত তদন্ত করা।
অপর কমিটির কাজ ছিল বিগত বছরগুলোতে গ্রহণ করা প্রকল্পগুলো কতটা বাস্তবসম্মত, প্রকল্পগুলোর বাস্তব অবস্থা ও অগ্রগতি, এডহক ও দৈনিক ভিত্তিতে জনবল নিয়োগের প্রয়োজনীয়তা, বিগত বছরগুলোর কার্যকলাপে অনিয়ম ও অর্থ আত্মসাৎ হয়েছে কিনা এবং মিল্ক ভিটাকে লাভজনক প্রকল্পে রূপান্তরের প্রতিবন্ধকতা খতিয়ে দেখা।
প্রতিবেদন আরও বলা হয়েছে, ডেইরি ফার্মের ৫ হাজার একর গোচারণ ভূমি ছিল। এর মধ্যে তিন হাজার একর জমিই দখল করে ফেলেছে সিবিএ নেতারা।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি লাভজনকভাবে চলতে থাকলেও ২০০৬ সালের অক্টোবর মাস থেকে লোকসানের মুখে পড়ে। অক্টোবর মাসে লোকসান হয় এক কোটি তিন লাখ ৮৬ হাজার কোটি টাকা। আর এর আগের মাসেই জোট সরকার অপরিকল্পিতভাবে ৫০০ নতুন জনবল নিয়োগ দেয়।
এ ছাড়া নভেম্বর মাসে ৮ লাখ ৮৬ হাজার টাকা, ডিসেম্বরে ৫৪ লাখ ৫০ হাজার, জানুয়ারিতে ১৯ লাখ ৩০ হাজার এবং ফেব্র"য়ারিতে ৪১ লাখ ৭ হাজার টাকা লোকসান হয়েছে।
বর্তমান সরকার নজরদারি বাড়ানোর পর প্রতিষ্ঠানটি আবার লাভের মুখ দেখতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে, মার্চ মাসে ১ কোটি ২৮ লাখ ৪৯ হাজার, এপ্রিল মাসে ১ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা এবং মে মাসে ২ কোটি ৫২ লাখ টাকা লাভ হয়েছে।
প্রতিষ্ঠানের আর্থিক সাশ্রয়ের জন্য ২৮৭ জন অপ্রয়োজনীয় ও অতিরিক্ত জনবল ছাঁটাই করা হয়েছে। এ ছাড়া লাভজনক করার জন্য বেশকিছু পদক্ষেপও নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরবি/এসডি/১৬৩৪ ঘ.
bdnews24