২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে ভবঘুরে আশ্রয় কেন্দ্রে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলায় সরকারী ভবঘুরে আশ্রয় কেন্দ্রে বুধবার রাতে এক সংঘর্ষে শাহ আলম (২২) নামে একজন নিহত এবং আহত হয়েছে ৩০ জন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ময়মনসিংহ, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলায় সরকারী ভবঘুরে আশ্রয় কেন্দ্রে বুধবার রাতে এক সংঘর্ষে শাহ আলম (২২) নামে একজন নিহত এবং আহত হয়েছে ৩০ জন। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর থেকে আশ্রয়কেন্দ্রের কমপক্ষে ৭০ জন বাসিন্দা পলাতক রয়েছে। ফের গোলযোগের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার কারণ উদঘাটন ও দায়িত্ব নিরুপণে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানকে আহবায়ক এবং অতিরিক্ত পুলিশ সুপার (দ.) ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি এবং সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আকতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, আশ্রয় কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে নিুমানের খাবার পরিবেশন, স্বাস্থ্য সমস্যা, আবাসন সংকট, শিশুদের ওপর বড়দের বিকৃত যৌন নিপীড়নসহ নানা সমস্যার কারণে আশ্রয় কেন্দ্রের নিবাসীদের মধ্যে অসন্তোষ চলে আসছিল। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে শাহ আলম নামে এক বাসিন্দা এক কিশোরের ওপর জোর করে যৌন নিপীড়ন চালালে তা দেখে অন্য নিবাসীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল থেকেই গোটা আশ্রয় কেন্দ্রে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর আশ্রয় কেন্দ্রের ক্ষুব্ধ বাসিন্দারা শাহ আলমকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এ ঘটনা নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে আহত হয় ৩০ জন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের পর অনেকেই পালিয়ে যায়। রাতে আশ্রয় কেন্দ্রের কর্মকর্তারা পুলিশে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চার ঘন্টা অভিযান চালিয়ে পলাতক নিবাসীদের মধ্যে ৩০ জনকে আশ্রয় কেন্দ্রের আশপাশের গ্রাম থেকে আটক করে। আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আরও ১৫ কিশোরকে নান্দাইল পুলিশ বুধবার রাতে আটক করেছে । খবর পেয়ে রাতেই জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৫১৪ ঘ.