ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক অবসর দেওয়ার বিধান বাতিল করার চিন্তা করছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এ জন্য একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
উপদেষ্টা বলেন, "সরকারি কর্মকর্তা--কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর হলে তাকে ইচ্ছে করলেই সরকার বাধ্যতামূলক অবসর দিতে পারে। এ বিধানটি বাতিল করার জন্য একটি খসড়া তৈরি করে আমি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছি। পাশাপাশি সরকারি চাকরির বয়স ২৫ বছর হলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার বিধানও বহাল রাখার প্রস্তাব রেখেছি।"
অবশ্য সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সালাম খান এ বিষয়ে উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
সকালে মন্ত্রিপরিষদ বিভাগে বর্তমান বিধানকে 'যৌক্তিক' উল্লেখ করে সচিব সাংবাদিকদের বলেন, "সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট সময় পরে অবসরে যাওয়ার কিংবা পাঠানের যে বিধান রয়েছে তাতে কোনো সমস্যা নেই বলেই মনে করি আমি। বরং এতে দুই পক্ষেরই (সরকার ও কর্মকর্তা--কর্মচারিদের) অবসর দেওয়ার ও অবসর নেওয়ার সুযোগ আছে।"
গণ কর্মচারী অবসর অধ্যাদেশ--১৯৭৪ এর ৯ (২) ধারা অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর চাকরির বয়স ২৫ বছর হলে সরকার ইচ্ছে করলে তাকে অবসরে পাঠিয়ে দিতে পারেন। বিগত জোট সরকার প্রশাসনের প্রায় শতাধিক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/এসএনডি/জেকে/১৩১৪ ঘ.
bdnews24