২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের অধিকার ফিরে না পেলে দেশের উন্নতি হবে না: হাসিনা

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরে না পেলে দেশের উন্নয়ন হবে না, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবেনা। তাই জনগণকে তাদের এ অধিকার ফিরিয়ে দিতে হবে। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 05:06 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরে না পেলে দেশের উন্নয়ন হবে না, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবেনা। তাই জনগণকে তাদের এ অধিকার ফিরিয়ে দিতে হবে। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত দলীয় কর্মসূচি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন,"আমার প্রত্যাশা হচ্ছে মানুষ তাদের ভোটের অধিকার পাবে, মৌলিক অধিকার পাবে এবং গণতান্ত্রিক অধিকার পাবে। জনগণই ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের পছন্দের সরকার। যতদিন জনগণ এ অধিকার না পাবে ততদিনই এ অবস্থা চলতে থাকবে, দেশের উন্নতি হবে না।" তিনি আরো বলেন,"বাংলাদেশের জনগণ তাদের অধিকার ফিরে পাক যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে"। এর আগে সকাল আটটার দিকে ছয়দফা পালনের অংশ হিসেবে শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ছয় দফার কর্মসূচি আদায় আন্দোলনে নিহত ১১ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও দলের নেতাকর্মীরা এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন। ফুল দেওয়ার পর হাসিনাসহ দলের নেতারা প্রায় দেড় ঘন্টা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থান করেন। অবশ্য পুষ্পস্তবক দেওয়ার কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক, তোফয়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও বেগম মতিয়া চৌধুরী চলে যান। আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া পুলিশের তৎপরতাও ছিল বেশ জোরাালো। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দুই প্রান্ত পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখে। কোন সাধারণ মানুষকে অনুষ্ঠান চলাকালে এ রাস্তা ব্যবহার করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গসংগঠনের চার থেকে পাঁচজন নেতাকর্মীদের ফুল দেওয়ার অনুমতি দেওয়া হয়। অনেকেই ভিতরে ঢুকতে না পেরে চলে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/কেএম/১১০০ঘ.