বাগেরহাট, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বাগেরহাট শহরের হাড়িখালী সেতুর পাশে ভৈরব নদী থেকে পুলিশ বুধবার সকালে সিনথিয়া নামে ১৯ দিনের এক শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটিকে হত্যা করা হয়েছে সন্দেহে তার মা মাসুমা আক্তার লিপিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির চাচা ইমরান তালুকদার অভিযোগ করেন, সিনথিয়ার মা--ই তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছেন।
তিনি জানান, ২০০২ সালে মাসুমা আক্তার লিপি ও মুনিগঞ্জ এলাকার আরিফ তালুকদারের মধ্যে বিয়ে হয়। ১৯ দিন আগে সিনথিয়া জন্ম নেয়। প্রেমঘটিত বিয়ে হওয়ায় মেয়ের পরিবার এই বিয়ে মেনে নিচ্ছে না বলেও তিনি জানান।
তিনি অভিযোগ করেন, লিপির বাবা সোনালী ব্যাংকের ফকিরহাট শাখার ব্যবস্থাপক একেএম মহিউদ্দিনের প্ররোচনায় শিশুটিকে হ্যা করা হয়েছে। লিপিকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্যই তিনি মেয়েকে দিয়ে এ হত্যাকাণ্ডটি ঘটান।
তবে শিশুটির মা এ অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি নিজের সন্তানকে নিজ হাতে কীভাবে হত্যা করতে পারি।"
তিনি আরও জানান, ফজরের নামাজ পড়ার জন্য জেগে উঠে তিনি সিনথিয়াকে বিছানায় পাননি।
সদর থানার উপ--পরিদর্শক হাবিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরই তারা শিশুটির প্রকৃত হত্যাকারী সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসডি/১৭৩৫ ঘ.
bdnews24