ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী জাতীয় পার্টির (জেপি) নেতা আনোয়ার হোসেন মঞ্জু ও বিএনপি নেতা ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের সম্পত্তির হিসাব গ্রহণ করেনি দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তার স্ত্রী সাবেক সাংসদ তাসমিমা হোসেন সম্পত্তির হিসাব দিতে যান। কিন্তু তার পাওয়ার অব অ্যাটর্নিতে সম্পত্তির হিসাব দেওয়ার ক্ষমতা না থাকায় তাসমিমা হোসেনের দেওয়া বিবরণী কমিশন নেয়নি। তাসমিমা হোসেন এ সময় সম্পত্তির হিসাব দেওয়ার জন্য আরও সাত কর্মদিবস সময় চেয়ে একটি আবেদন জমা দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে।
তবে কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তাসমিমা হোসেন কোন কথা না বলে চলে যান।
কমিশন সূত্র জানায়, মনোয়ার হোসেন ডিপজলের মা জোবেদা বেগম তৃতীয়বারের মতো মঙ্গলবার সম্পত্তির হিসাব দিতে কমিশনে যান। কিন্তু তার বিবরণীতে দেওয়া ডিপজলের স্বাক্ষর নিয়ে সন্দেহ থাকায় তা জমা নেওয়া হয়নি।
এ ছাড়া আওয়ামী লীগের সাবেক সাংসদ শেখ হেলালউদ্দিনের পক্ষে তার ভাই শেখ আবুল কাশেম এবং ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের পক্ষে তার আইনজীবীরা মঙ্গলবার খোঁজ--খবর নেওয়ার জন্য কমিশনে যান। দ্'ুএকদিনের মধ্যে তাদের সম্পত্তির হিসাব জমা নেওয়া হতে পারে বলে জানা গেছে।
কমিশনের সচিব দেলোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এ সত্যতা স্বীকার করে বলেন, নোটিশ দাতাদের সাত কর্মদিবসের মধ্যে তাদের সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়েছে। এই হিসেবে তারা আগামী ১০ থেকে ১১ জুনের মধ্যে তাদের হিসাব জমা দিতে পারবেন। তবে যুক্তিসঙ্গত কারণ থাকলে তারা আরও সাতদিনের জন্য সময় পেতে পারেন।
দুর্নীতি দমন কমিশন গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তাদের তালিকা অনুযায়ী ২১ ব্যক্তিকে তাদের সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমকে/এসডি/জিএনএ/২০০২ ঘ.
bdnews24