২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসরীন হক, রুশো, রীনা হত্যা মামলা মনিটরিং সেলে

অ্যাকশন এইডের সাবেক বাংলাদেশ প্রধান নাসরীন হক, সেনা কর্মকর্তা দম্পতির ছেলে রুশো এবং শ্যামপুরের রীনা রায় হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 03:54 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- অ্যাকশন এইডের সাবেক বাংলাদেশ প্রধান নাসরীন হক, সেনা কর্মকর্তা দম্পতির ছেলে রুশো এবং শ্যামপুরের রীনা রায় হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির জন্য গঠিত মনিটরিং কমিটির ৫২তম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম। স্বরাষ্ট্র সচিবসহ পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব আব্দুল করিম সাংবাদিকদের জানান, সভায় মোট ১০টি মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস হত্যা, ঝালকাঠির অ্যাডভোকেট হায়দার আলী হত্যা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা, পল্লবীর ইতি হত্যা, যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা, সোনাডাঙ্গার অ্যান্ড্রু গোমেজ হত্যা এবং তাঁতিবাজারের জোড়া খুন। এর মধ্যে ইউনুস হত্যা, হায়দার আলী হত্যা, কিবরিয়া হত্যা এবং আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলা তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে স্বরাষ্ট্রসচিব দাবি করেন। ঢাকার সিএমএম আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় মঙ্গলবার খালেদা জিয়া এবং মতিউর রহমান নিজামীসহ জামায়াত--বিএনপি জোটের ২৮ জনকে আসামি করে মামলা দায়ের নিয়ে প্রশ্ন করা হলে আব্দুল করিম বিষয়টি বিচারাধীন উল্লেখ করে কিছু বলতে অস্বীকৃতি জানান। বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলার বিষয়ে সচিব বলেন, "তদন্তে যা আসবে তার বাইরে কোনও কিছুই করা হবে না।" ভারতে গ্রেপ্তার হওয়া শীর্ষসন্ত্রাসী তানভিরুল ইসলাম জয়কে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনও অগ্রগতি হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল করিম বলেন, "এক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে।" পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক ফনী ভূষণ চৌধুরী বিডিনিউজকে টুয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন তিনটি মামলা নিয়ে মনিটরিং সেলে এখন মামলার সংখ্যা ৫২ টি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/এমএইচবি/১৯৫৫ ঘ.