ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১২ হাজার পাঁচশ নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব দাবি করেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. বাবুল হোসেন (৩০), মো. মাজেদ শেখ (৩৭), ফেরদৌস রহমান (২৪), গোলাম মোস্তফা (৩৪) ও নাজমুল হক (৪৫)।
র্যাব--২ এর ক্যাপ্টেন ফরহাদ সরকার জানান, মাজেদ শেখ ও তার সহযোগীরা চার মাস আগে আব্দুর রহমান টিপু নামে এক ব্যক্তিকে ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া পাঠান। মালয়েশিয়া যাওয়ার পরে মাজেদ শেখের বিদেশি সহযোগীরা টিপুকে সেখানকার একটি ঘরে আটকে রাখে। তারা টিপুকে মেরে ফেলার হুমকি দিয়ে টিপুর বাবা হাজী আব্দুল শুকুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা দাবি করে। টিপুর বাবা সে সময় মাজেদ শেখের এক সহযোগিকে ৫০ হাজার টাকা দেন। প্রতারকচক্র এরপর আবারও টিপুকে মেরে ফেলার হুমকি দিয়ে আরও ত্রিশ হাজার টাকা দাবি করলে টিপুর বাবা বিষয়টি র্যাবকে জানান।
র্যাব --২ এর একটি বিশেষ দল রোববার রাতে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
ক্যাপ্টেন ফরহাদ সরকার জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাতমসজিদ রোডের র্যাব ক্যাম্পে রাখা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএফ/জেকে/এমএইচবি/২১৩৪ ঘ.
bdnews24