গাজীপুর, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ ও তার ছেলে রেজাউল হান্নানের বিরুদ্ধে রোববার দুটি চাঁদাবাজি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন গত ১২ মে চাঁদাবাজির অভিযোগে হান্নান শাহ ও তার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপ--পরিদর্শক আবুল বাশার রোববার হান্নান শাহ ও তার ছেলেসহ সাতজনের বিরুদ্ধে গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেন।
এ ছাড়া কাপাসিয়ার ঘোরশ্বার গ্রামের বাসিন্দা মো. মাইনুুদ্দিনের দায়ের করা চাঁদাবাজির মামলায় হান্নান শাহ, রেজাউল হান্নানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে রোববার। মামলার তদন্ত কর্মকর্তা রিপন দাশ এ অভিযোগপত্র দেন।
মো. মাইনুুদ্দিন নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে গত ১০ মে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান এ দুটি মামলায় অভিযোগপত্র দেওয়ার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩২৫ ঘ.
bdnews24