বাগেরহাট, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান খান ওরফে মনা খার ওষুধের দোকান থেকে রোববার বিকালে একটি বন্দুক এবং বন্দুক ও চাইনিজ রাইফেলের ১১ রাউণ্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
বাগেরহাট সেনা ক্যাম্পের মেজর মনির জানান, গোপন খবরের ভিত্তিতে পোলেরহাট ফাঁড়ি পুলিশ, বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর হাওলাদার ও স্থানীয় ইউপির মহিলা সদস্য হাসিনা বেগমের উপস্থিতিতে দোকানটির সিলিং এর ভেতর লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
চেয়ারম্যান মনা খা জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং বহু মামলার আসামী। তিনি এখন কারাগারে রয়েছেন। গত ১৬ মে যৌথবাহিনী তাকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করে।
এদিকে বাগেরহাটে রোববার বিকাল পর্যন্ত ৪৮ ঘন্টায় এক ওয়ার্ড কমিশনারসহ ও এক বিএনপি নেতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, মংলা থানা পুলিশ শনিবার দুপুরে মংলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিশনার আবদুল হামিদ এবং মংলা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদারকে গ্রেপ্তার করে। এছাড়া মোরেলগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সেলিমকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/প্রতিনিধি/এমআই/২২৩৪ ঘ.
bdnews24