নোয়াখালী, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে রোববার সকালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় নির্মিত ৫৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার সকাল থেকে ম্যাজিস্ট্রেট শেখ মোর্শেদুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথবাহিনীর সদস্য উচ্ছেদ অভিযানে অংশ নেয়।
এসময়ে সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল আলম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার এবং যৌথ বাহিনীর জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী সাইফুল আলম জানান, জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে সওজের গনিপুর, আলীপুর ও চৌমুহনী মৌজার ১৬৪,১০৪,১৬৫,২০৬৪,২০৬৫ ও ৯৫ দাগের ওপর ৯৫ জন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। এর মধ্যে ১৫টিতে সওজের আপত্তি ও ২৭টির পর আদালতের স্থগিতাদেশ থাকায় এগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি।
জানা গেছে, যানজট নিরসনের জন্য কর্তৃপক্ষ পরিকল্পনা অনুযায়ী চৌমুহনী বাজারের ওপর দিয়ে চার লাইনের সড়ক নির্মাণ করা যাচ্ছিল না। এই সড়ক নির্মাণের লক্ষ্যে সড়ক বিভাগের ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জেলা আইন--শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী রোববার এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
চৌমুহনী পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে রাস্তা প্রশস্তকরণের কাজ খুব দ্রুতই শুরু হবে এবং এর ফলে দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান হবে।
উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২০১৬ ঘ.
bdnews24