২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি

বিগত পাঁচ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত রাজনীতিবিদ, আমলা ও কর্মকর্তাদের বিচার করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিগত পাঁচ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত রাজনীতিবিদ, আমলা ও কর্মকর্তাদের বিচার করতে হবে। এ দাবি করেছেন তেল--গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। রোববার জাতীয় প্রেসক্লাবে "জাতীয় স্বার্থ ও জ্বালানি নীতি" শীর্ষক সংলাপে তারা বলেন, টেকসই নীতিমালার অভাবে সম্পদ থাকা সত্ত্বেও দেশে দারিদ্র্য কাটছে না। খনিজ সম্পদের একশ ভাগ মালিকানা জনগণের হাতে রাখতে হবে। সীমিত এ খনিজ সম্পদ রপ্তানি না করে সুষম ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। বক্তারা আরও বলেন, মাগুরছড়া ও টেংরাটিলার ক্ষতিপূরণ আদায় করে তা আগামী বাজেটে আয় হিসেবে দেখাতে হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ি খনিতে কয়লা আহরণের যে কোনও উদ্যোগ বন্ধ করতে হবে। সংলাপে ১০টি সুপারিশ উত্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ২০ মেগাওয়াট করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা। এর মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে সুপারিশে বলা হয়। পাশাপাশি দেশের পশ্চিমাঞ্চলে ৩০০০ থেকে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া জনস্বার্থবিরোধী প্রকল্পে যেসব রাজনীতিবিদ, আমলা ও কর্মকর্তা জড়িত ছিল তাদের যথাযথ বিচারের দাবিও জানানো হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অতিরিক্ত সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল। বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল ইসলাম, হায়দার আকবর খান রনো, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. হোসেন মনসুর, ড. শামসুল আলম, ড. দিল আফরোজ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৮৪১ ঘ.