ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) বর্তমান ট্রাস্টি বোর্ডের বিলুপ্তি দাবি করেছেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভ্যালরি এ টেইলর, দুই ট্রাস্টি ও নাগরিক কমিটি। পারস্পরিক বিশ্বাসহীনতার অভিযোগে বোর্ডের সব সদস্যকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা।
রোববার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে নাগরিক কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। একইসঙ্গে সিআরপির অচলাবস্থা নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন নাগরিক কমিটির সদস্যরা।
সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ভ্যালরি এ টেইলর, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মোহাম্মদ মুস্তাক আহমেদ, নাগরিক কমিটি আহবায়ক প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন, রামেন্দু মজুমদার, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, আক্কু চৌধুরীসহ নাগরিক কমিটির সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অসুস্থ থাকায় সিআরপির আরেক ট্রাস্ট্রি মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত থাকতে পারেননি।
প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, সিআরপির বর্তমান ট্রাস্ট্রি বোর্ডে পারস্পরিক বিশ্বাসের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় সিআরপির হারানো মর্যাদা ফিরিয়ে আনার জন্য বোর্ডের সব সদস্যেরই পদত্যাগ করা উচিত।
নাগরিক কমিটি পক্ষে তিনি বলেন, বর্তমান ট্রাস্ট্রি বোর্ড বিলুপ্ত করে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি এ টেইলরকে তার আগের দায়িত্বে পূর্ণ ক্ষমতাসহ ফিরিয়ে এনে তাকেই কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হোক।
এখনকার ট্রাস্টি বোর্ড বিলুপ্ত করা হলে নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত ভ্যালরি অন্যদের সহযোগিতায় আগের মতোই সিআরপির কর্মকাণ্ড চালিয়ে নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
অধ্যাপক কবীর চৌধুরী বলেন, বর্তমানে সিআরপিতে অতিরিক্ত খরচে রোগীদের সেবা নিতে হচ্ছে। কিন্তু এটা সিআরপির আদর্শ ছিল না। এ অবস্থায় ট্রাস্টি বোর্ডের সদস্যদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।
ভ্যালরি বলেন, সিআরপি প্রতিবন্ধীদের মনে আশা জাগাতে পারে। আর আশার আলো দেখলে একজন মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। সিআরপির দরজা তাদের জন্য সবসময় খোলা রাখতে হবে।
সম্মেলনে উপস্থিত প্রতিবন্ধী প্রকৌশলী অনীল ভৌমিক জানান, তিনি ১৯৮৪--৮৫ সময়ে সিআরপিতে রোগী হিসেবে সেবা নিয়েছেন। এরপর থেকেই সিআরপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি। কিন্তু ওই সময়ের তুলনায় গত দুই বছরে সেবার মান অনেক নেমে গেছে বলে জানান তিনি।
সিআরপির ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ মুস্তাক আহমেদ বলেন, কিছুদিন আগে সিআরপি থেকে ভ্যালরি টেইলরকে বাদ দেওয়া হল, আবার শুক্রবার তাকে ফিরিয়েও আনা হল। অথচ ট্রাস্ট্রি বোর্ডের সদস্য হিসেবে আমরা কিছুই জানি না।
তিনি আরো বলেন, ট্রাস্টি বোর্ডের এই সমন্বয়হীনতা শুরু হয়েছে দুই বছর আগে। যে আদর্শ নিয়ে সিআরপি প্রতিষ্ঠিত হয়েছিল, বোর্ডের সব সদস্য সেই আদর্শ অনুযায়ী কাজ করছিলেন না। আর সদস্যদের মধ্যে মতপার্থক্যের কারণে কেন্দ্রে সেবা নিতে আসা রোগিদের ভোগান্তি বাড়ছিল।
এ ব্যাপারে সিআরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জে. নুরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেইনি এটা এক অর্থে ঠিক আছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ করাণেই এখন এ অভিযোগ উঠেছে।"
নাগরিক কমিটির দাবি অনুযায়ী পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "প্রশ্নই আসে না। কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না। আমি কোন দুর্নীতি করিনি। এই প্রতিষ্ঠানে আমার অনেক অবদান আছে। ১৯৯২ সাল থেকে এখানে বিনে পয়সায় কাজ করছি আমি।"
এদিকে টাঙ্গাইল জেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শামসুর রহমান মতি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা পদত্যাগ না করলে আমরা সাত জেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে আমরণ অনশন করব।
ভ্যালরি ১৯৭৯ সালে সিআরপি প্রতিষ্ঠা করেন। এ বছরের ১৪ মে তাকে সসমন্বয়কের দয়িত্ব থেকে বাদ দেওয়া হয়। গত শুক্রবার আবার তাকে ওই পদে বহাল করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএন/জেকে/১৭২৬ ঘ.
bdnews24