রাজবাড়ী, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজবাড়ীতে শাহজাহান খাঁন বুাবল হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বকাউল এই রায় দেন।
পাঁচ আসামির নাম মকবুল হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. চুন্নু, আব্দুর রহমান ও মজিদ মণ্ডল। এদের মধ্যে মজিদ পলাতক।
আদালত আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
মামলার অপর তিন অভিযুক্ত শুকুর আলী, জালাল খা ও আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্তরা পাংশা থানার বাঙডুলি বাজারের গ্রিল ব্যবসায়ী শাহজাহান খাঁন বুাবলকে গুলি করে হত্যা করে।
ওই ঘটনায় পাংশা থানায় একটি হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৫ জনের সাক্ষ্য শোনার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আসাদুজ্জামান লাল। আসামিপক্ষে ছিলেন শাহজাহান কবির, ফরিদ উদ্দিন ও সি আর দত্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫৪৩ ঘ.
bdnews24