টাঙ্গাইল, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকারি--বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের সম্পৃক্ততা ছাড়া বনায়ন কর্মসূচি কখনই সফল হবে না। সরকারের সব দপ্তর, এনজিও, সামাজিক প্রতিষ্ঠান ও তৃণমূল মানুষের এখানে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
টাঙ্গাইলে জাতীয় বৃক্ষরোপন আন্দোলন ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মধুপুরের শালবন রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা, বনের প্রতিবেশী, বন সম্পর্কে জানেন ও বনকে ঘিরে জীবন--ধারণ করেন এমন লোকের মাধ্যমে সামাজিক বনায়ন করতে হবে।
এক ঘন্টারও বেশি সময় ধরে বক্তৃতা দেওয়ার পর তিনি মাথা ঘুরে পড়ে গেলে তাঁকে প্রথমে স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকার সিএমএইচ এ নিয়ে এসে ভর্তি করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম জানিয়েছেন, গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন।
পরিবেশ ও বন উপদেষ্টা ডা. সি এস করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএইচএম রেজাউল কবীর। বক্তৃতার আগে প্রধান উপদেষ্টা বৃক্ষরোপন আন্দোলন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।
জেলা সদর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধনকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেন, "পৌনে পাঁচ মাস হয়েছে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। কোন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে এবং ২২ জানুয়ারি নির্বাচন হলে দেশের অবস্থা কতটা ভয়াবহ রূপ নিতে পারতো তা আপনারা জানেন। বর্তমান সরকারের লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।"
তিনি বলেন, "সৎ ও যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন, ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন। কালো টাকা ও পেশী শক্তির কুপ্রভাব থেকে মুক্ত থাকবে নির্বাচন। যত দ্রুত সম্ভব নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা হবে।"
ড. ফখরুদ্দীন আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রথম শর্ত একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, যেখানে ভোটারদের ছবি থাকবে। এটা জনগণের দাবি। নির্বাচন অর্থবহ করতে হলে ছবিসহ নির্ভুল ভোটার তালিকা করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী আইন ও নীতি সংস্কারের জন্য এরইমধ্যে কাঠামো তৈরি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে তারা আলাপ করছেন বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে। সংস্কারের এই প্রক্রিয়া সবার সামনেই চলবে।
তিনি বলেন, দুর্নীতিবাজদের জবাবদিহি করতে হবে। যারা অভিযুক্ত হয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। পুরো বিচারকাজ এখন স্বচ্ছভাবে হচ্ছে। সাংবাদিকরাও দেখতে পাচ্ছেন কিভাবে বিচার চলছে। দুর্নীতিবাজদের শাস্তি দিলেই দুর্নীতি শেষ হবে না। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্য, সার সমস্যা, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, আইন--শৃঙ্খলা সরকারি কর্ম কমিশন বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং এ থেকে অর্জিত সফলতার চিত্র তুলে ধরেন তাঁর বক্তব্যে।
ড. ফখরুদ্দীন আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ। কাজেই সরকার ভালো করছে না খারাপ করছে সেদিকে নজর দেওয়া উচিত।
প্রধান উপদেষ্টা অসুস্থ হয়ে পড়ার পর অনুষ্ঠান স্থগিত করা হয়।
এরপর প্রধান উপদেষ্টার শিল্পকলা একাডেমীতে সুধী সমাজের সঙ্গে বৈঠক করার কর্মসূচি ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৫৩৭ ঘ.
bdnews24