মারুফ মল্লিক
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৩৪টি পদ ক্যাডারভুক্ত করার প্রক্রিয়া ২১ বছরেও শেষ হয়নি। বিভিন্ন সরকার এ বিষয়ে প্রতিশ্র"তি দিলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
অধিদপ্তর সূত্র জানায়, ১৯৮৫ সালে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডার গঠনের সময় 'এনাম কমিটি'র সুপারিশ বাস্তবায়নের পর ৪৬৪টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদের মধ্যে ২৩০টি ক্যাডারভুক্ত করা হয়। বাকি ২৩৪টি পদ ক্যাডারভুক্ত করার বিষয়ে গত ২১ বছরে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর কোনোটিই আলোর মুখ দেখেনি।
২০০৩ সালের ১৯ জানুয়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসক ও বাকি কর্মকর্তাদের জন্য দুই স্তরের ক্যাডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে আবার এ সিদ্ধান্ত পরিবর্তন করে একমুখী ক্যাডার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই সমন্বিত ক্যাডার তৈরির প্রস্তাব সংস্থাপন মন্ত্রণালয়ের বিধি ৫ শাখায় এ বছরের ফেব্র"য়ারি মাস থেকে পড়ে আছে। এতে ১১৭টি নতুন পদ সৃষ্টিরও সুপারিশ করা হয়।
জোট সরকারের আমলে ২৩৪টি পদ ক্যাডারভুক্ত করার প্রক্রিয়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পভুক্ত করা হয়। কিন্তু এ ধরনের প্রকল্পের প্রতিবেদন প্রতিমাসে জমা দেওয়া এবং সেগুলো অগ্রগতি পর্যালোচনার নিয়ম থাকলেও পরে আর তা করা হয়নি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকতারা জানান, ক্যাডারভুক্ত করার প্রক্রিয়া শেষ না হওয়ায় উপ--পরিচালক ও সহকারী পরিচালক পদে পদোন্নতি হচ্ছে না। অধিদপ্তরের অধীনে ৭০টি ডেপুটি পরিচালকের পদ আছে। কিন্তু কর্মরত আছেন মাত্র কয়েকজন। এছাড়া ১০২টি সহকারী পরিচালকের পদ থাকলেও কর্মরত আছেন ৪৭ জন।
৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ দেয় জেলা নিয়োগ কমিটি, বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় নিয়োগ কমিটি। পদোন্নতি না হওয়ায় এসব কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদগুলো ছাড়া জেলা পর্যায়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে দেশের অন্যতম এ সফল খাতের কর্মকর্তাদের মধ্যে রয়েছে চরম হতাশা।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতিটি সরকার আশ্বাস দিলেও কেউই তা বাস্তবায়ন হয়নি। সরকারের সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণেই এ সিদ্ধান্ত ঝুলে আছে। ফলে ক্যাডারভুক্ত না হতে পেরেই অনেকে এরই মধ্যে অবসরে গেছেন। চলে গেছেন।
অবশ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্থাপন মন্ত্রণালয় থেকে যেসব তথ্য চেয়েছিল সব দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে।
পরিবার পরিকল্পনা অফিসার সমিতির সভাপতি মো. শাহদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ বছর ধরে ঘুরছি। কোনও সুরাহা হয়নি। আজ হবে কাল হবে বলে সবাই কেবল প্রতিশ্র"তিই দিয়ে গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/কেএম/১৩৩৪ঘ.
bdnews24