২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর ও সরোয়ার নিজামের বিরুদ্ধে মামলা করবে জামালউদ্দিনের পরিবার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম ও তার ছোট ভাই মারুফ নিজামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের নিহত ব্যবসায়ী জামালউদ্দিনের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম ও তার ছোট ভাই মারুফ নিজামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের নিহত ব্যবসায়ী জামালউদ্দিনের পরিবার। জামালউদ্দিনের স্ত্রী নাজমা আখতার খানম দাবি করেছেন, চট্টগ্রাম--১২ আসন থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামের কাছ থেকে ঘুষ নিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার স্বামীর মূল খুনীদের অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শনিবার তিনি টেলিফোনে বলেন "শিগগিরই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে একটি মামলা করবো। লুৎফুজ্জামান বাবর, সরোয়ার জামাল নিজাম, মারুফ নিজামসহ তার স্বামীর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন ও দ্বিতীয় দফায় তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এএসপি হামিদুল হককে এ মামলার আসামি করা হবে। এখন কেন মামলা করতে চাইছেন জানতে চাইলে তিনি বলেন, "আশা করছি এই সরকারের আমলে সুবিচার পাওয়া যাবে। তাই মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।" ২০০৩ সালের ২৪ জুলাই নগরীর চান্দগাঁও এলাকা থেকে অপহরণের ২৪ দিনের মাথায় জামাল উদ্দিনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় ২৫ মাস পর ২০০৫ সালের আগস্টে ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। জামালউদ্দিনের পরিবার অপহরণের পর থেকেই সাবেক সাংসদ সরোয়ার নিজাম ও তার ভাই মারুফ নিজামকে এর জন্য দায়ী করে আসছিলেন। জামালউদ্দিনের অপহরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন মূল অভিযুক্ত সরোয়ার নিজামের নাম বাদ দিয়ে ২০০৬ সালের ১০ জুলাই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। কিন্তু বাদী পক্ষের আপত্তির পরিপ্রেক্ষিতে মামলার পরবর্তী তদন্ত কর্মকর্তা হামিদুল হক একই বছর ১০ অক্টোবর সম্পূরক অভিযোগপত্র দেন। এবারও মারুফ নিজামের নাম বাদ দেয়া হয়। জামালউদ্দিনের পরিবার আবারো আপত্তি জানালে আদালত মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয়। কিন্তু মারুফ নিজামের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ মামলার কার্যক্রম ছয়মাসের জন্য স্থগিত করে। আগামী ১৩ জুন ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২৩২ ঘ.