ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- বিশ্ব ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার করার ক্ষেত্রে সহযোগিতা করতে তারা প্রস্তুত।
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল শনিবার হোটেল সোনারগাঁও এ সাংবাদিকদের বলেন, "পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করতে হবে। বিশ্ব ব্যাংক এ ব্যাপারে সহযোগিতা দিতে প্রস্তুত।"
তিনি বলেন, "দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে গত কয়েক বছরে প্রচুর অর্থ ও সম্পদ পাচার হয়েছে। পাচারকারীরা মূলত দুর্নীতির মাধ্যমেই ওই অর্থ সম্পদের মালিক হয়েছে। বাংলাদেশ সরকার চাইলে ওই অর্থ ফেরত আনার ব্যাপারে বিশ্ব ব্যাংক অবশ্যই সহযোগিতা করবে।"
তবে কীভাবে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে সহযোগিতা দিতে পারে সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শনিবার জানিয়েছে, বর্তমান সরকার এ পর্যন্ত পাচার হওয়া ৪৩১ কোটি টাকা উদ্ধার করেছে।
সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, উদ্ধার করা অর্থ রাজস্ব আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা আশা করি, পাচার হওয়া আরো অর্থ উদ্ধার করা হবে।
হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রফুল প্যাটেল দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানান।
প্যাটেল বলেন, অভিযানের পরিধি না বাড়িয়ে বড় দুর্নীতিবাজদের ধরে বিচার করে শাস্তি দিলেই কাজ হবে।
তিনি বলেন, ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার কমিয়ে আনতে হলে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় আনতে হবে।
প্যাটেল আরো বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতির বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও আমরা বোঝার চেষ্টা করছি।
সম্মেলনে উপস্থিত আইএমএফ এর ঢাকা কার্যালয়ের কর্মকর্তা জোনাথন ডান বলেন, সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলোই মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জিয়ান জু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিন দিনের ঢাকা সফরে প্রফুল সি প্যাটেল প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/জেকে/২০২৯ ঘ.
bdnews24