বরগুনা, ০২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাথরঘাটা পৌরসভার কমিশনার মোশারেফ হোসেন সোহরাব (৪৪) এবং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন সিকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোশারেফ হোসেন সোহরাবকে শনিবার সকালে বরগুনা পুলিশ সুপার অফিস প্রাঙ্গণ থেকে এবং বশির উদ্দিন সিকদারকে বিকালে কলেজ ব্রাঞ্চ সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আমিন জানান, কমিশনার সোহরাবের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে।
পুলিশ সুপার মোঃ সামশুদ্দিন তার অফিস চত্বর থেকে সোহরাবকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।
অপরদিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী খান জানান, বশির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি সম্পদ লুটপাটের বহু অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩২ ঘ.
bdnews24