২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে দুই ঠিকাদার খুন

রাজধানীর হাজারীবাগের প্রত্যন্ত এলাকায় শুক্রবার সকালে দুই ঠিকাদার খুন হয়েছেন। নিহতদের স্বজনরা দাবি করছেন, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হাজারীবাগের প্রত্যন্ত এলাকায় শুক্রবার সকালে দুই ঠিকাদার খুন হয়েছেন। নিহতদের স্বজনরা দাবি করছেন, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি। নিহত ঠিকাদাররা হলেন, মো. নূরে আলম (৩৫) ও মো. মনির হোসেন (৩৬)। এদের মধ্যে নূরে আলম হাজারীবাগের ওয়াশপুরের আব্দুল মান্নানের ছেলে এবং মনির হোসেন একই এলাকার আদম মিয়ার ছেলে। নূরে আলমের বড় ভাই পারভেজ আহম্মেদ আখতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নূরে আলম এবং মনির হোসেন দুজন মিলে ওয়াশপুরের কাছের এলাকা চরওয়াশপুরে একটি সরকারি কালভার্ট তৈরির কাজ করছিলেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে জমিরউদ্দিন, টিটু, নাসির, ইয়াসিন, আহম্মেদ আলী, লোকমান, আব্দুর রহমান ও মোসলেমসহ ১০/১২ জন আলম ও মনিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পারভেজ আহাম্মেদ অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সন্ত্রাসীরা নূরে আলম এবং মনির হোসেনকে বল্লম দিয়ে আঘাত করে। এতে নূরে আলমের পিঠ এবং মনির হোসেনের বুক এফোঁড়--ওফোঁড় হয়ে যায়। ওই সময় তাদের রক্ষা করতে গিয়ে গেদু মিয়া নামে এক নির্মাণ শ্রমিকও আহত হন। পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলম এবং মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাজারীবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ--পরিদর্শক শহীদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম--কে বলেন, "চাঁদা দাবি, না জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।" এ হত্যাকাণ্ডে ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১৬৫৪ ঘ.